ট্রাম্পের চরম আল্টিমেটাম! ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী না খুললে ইরানি বিদ্যুৎকেন্দ্রে বিধ্বংসী হামলার হুমকি

মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার চরমে। রবিবার ভোরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরানকে চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে ইরানের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রগুলোতে বিমান হামলা চালাবে আমেরিকা। শনিবারই ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে অভিযান শেষের পথে, কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যেই এই কঠোর বার্তা পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তুলেছে।

পাল্টা হুমকি ইরানের: ট্রাম্পের এই হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। ইরান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যদি তাদের দেশের জ্বালানি বা বিদ্যুৎ পরিকাঠামোয় কোনো আঘাত লাগে, তবে পশ্চিম এশিয়ায় থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা বিধ্বংসী হামলা চালানো হবে।

মোদির শান্তিবার্তা: এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সমুদ্রপথ খোলা রাখার ওপর জোর দিয়েছেন এবং ওই অঞ্চলের শান্তি ও স্থিতাবস্থার পক্ষে সওয়াল করেছেন। আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন ঘটানোর তীব্র নিন্দাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।