দিল্লি-মুম্বইয়ে হামলার হুঁশিয়ারি! ভারতের বিরুদ্ধে বিষোদগার পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনার আব্দুল বাসিতের

ভারত ও পাকিস্তানের মধ্যে যখন কূটনৈতিক টানাপড়েন চলছে, ঠিক তখনই ঘি ঢাললেন ভারতে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনার আব্দুল বাসিত। এক বিতর্কিত ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, যদি আমেরিকা কখনও পাকিস্তানকে আক্রমণ করে, তবে পাকিস্তানের উচিত ভারতের দিল্লি ও মুম্বইয়ের মতো শহরগুলোতে পাল্টা হামলা চালানো। এক সময় ভারতের রাজধানীতে তিন বছর দায়িত্ব পালন করা এই কূটনীতিকের এমন মন্তব্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

কী বলেছেন আব্দুল বাসিত? একটি কাল্পনিক পরিস্থিতির কথা উল্লেখ করে বাসিত বলেন, “যদি আমেরিকা পাকিস্তানকে আক্রমণ করে, তবে আমাদের উচিত ভারতকে টার্গেট করা। আমরা তখন পিছু হটব না, মুম্বই ও দিল্লিতে হামলা চালাব। এরপর কী হবে তা পরে দেখা যাবে।” তিনি আরও যোগ করেন যে ভারত বা পাকিস্তান কেউই যুদ্ধ চায় না, কিন্তু কেউ ‘কু-দৃষ্টি’ দিলে পাকিস্তান ভারতকে আক্রমণ করতে বাধ্য হবে।

আফগান সীমান্তে কোণঠাসা পাকিস্তান: রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আফগানিস্তান সীমান্তে তালিবানদের সাথে চরম উত্তেজনার মাঝে নজর ঘোরাতেই এমন মন্তব্য করছেন পাক কূটনীতিকরা। সম্প্রতি আফগানিস্তানের কাবুল ও কান্দাহারে পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় ব্যাপক প্রাণহানির খবর মিলেছে। নিজের দেশে যখন বিশৃঙ্খলা তুঙ্গে, তখন ভারতের বিরুদ্ধে এই বিষোদগার বাসিতের বিকৃত মানসিকতারই পরিচয় দিচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল।