ভোটের প্রচারে ‘গ্ল্যামার’ হানা! কামারহাটির মহিলাদের প্রশ্ন, ‘দাদা, কী মাখেন যে স্কিন এত চকচক করে?’

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে গিয়ে এক অদ্ভুত পরিস্থিতির মুখে পড়লেন ‘কালারফুল’ বিধায়ক। রাজনীতির আলোচনার মাঝেই এলাকার মহিলারা হঠাৎ প্রশ্ন করে বসলেন, “দাদা, আপনার স্কিন এত গ্লসি কেন? কী মাখেন বলুন তো? আমাদের একটু টিপস দিন না!” এমন প্রশ্নে রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়েন খোদ মদন মিত্র।
কী সেই রূপের রহস্য? টিভি ৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মদন মিত্র নিজেই ফাঁস করলেন তাঁর উজ্জ্বল ত্বকের রহস্য। কোনো দামী ক্রিম বা কসমেটিকস নয়, কামারহাটির প্রার্থীর মতে আসল ম্যাজিক লুকিয়ে আছে মনে। তিনি বলেন, “টিপস একটাই—মন ভালো রাখুন। কারোর ক্ষতি করবেন না, বরং মানুষের উপকার করুন। আপনি যা পেয়েছেন, কোটি কোটি মানুষ তা পায়নি—এই ভাবনাটা মনে রাখলেই স্কিন ভালো থাকবে।”
স্টাইল স্টেটমেন্টে অপ্রতিদ্বন্দ্বী রঙিন চশমা, ঝকঝকে পাঞ্জাবি আর স্টাইলিশ লুক—মদন মিত্রের এই ‘গ্ল্যামারাস’ অবতারের প্রশংসা খোদ মুখ্যমন্ত্রীও করেছেন। ভোটের তপ্ত রোদেও কীভাবে নিজেকে সতেজ রাখা যায়, তার আদর্শ উদাহরণ হয়ে উঠেছেন তিনি। প্রচারের ধকল সামলে নিজের ত্বক ও স্বাস্থ্যের যত্ন নিতে ভোলেন না এই হেভিওয়েট নেতা। এখন দেখার, কামারহাটির ভোটারদের মনে তাঁর এই ‘উজ্জ্বল’ উপস্থিতি কতটা প্রভাব ফেলে।