লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর নিতে চান না? সরকারি তালিকা থেকে নাম কাটাতে কী করবেন, জানুন সহজ পদ্ধতি

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। যেখানে মাসে ১৫০০ থেকে ১৭০০ টাকা পাওয়ার জন্য লাইনে দাঁড়ান লক্ষ লক্ষ মহিলা, সেখানে একদল মানুষ এই প্রকল্প থেকে নাম প্রত্যাহার করতে চাইছেন। রাজনৈতিক বিতর্ক হোক বা ব্যক্তিগত কারণ—কীভাবে সরকারি এই সুবিধা ত্যাগ করবেন, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বাড়ছে।
আবেদন করবেন কোথায়? যদিও সরকারি পোর্টালে নাম প্রত্যাহারের কোনো নির্দিষ্ট বাটন নেই, তবে প্রশাসনিক সূত্রে খবর, আপনি চাইলে লিখিতভাবে এই সুবিধা ত্যাগ করতে পারেন। এর জন্য আপনাকে আপনার ব্লকের বিডিও (BDO) অফিস, এসডিও (SDO) অফিস অথবা শহরাঞ্চল হলে পৌরসভা বা কেএমসি (KMC) অফিসে যোগাযোগ করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র: ১. লিখিত আবেদনপত্র: কেন আপনি এই প্রকল্প ছাড়তে চাইছেন, তা উল্লেখ করে একটি চিঠি। ২. আধার কার্ডের জেরক্স: পরিচয়পত্র হিসেবে। ৩. ব্যাঙ্ক পাসবইয়ের কপি: যে অ্যাকাউন্টে টাকা ঢুকছিল তার প্রমাণ। ৪. প্যান কার্ডের কপি: অতিরিক্ত নথ হিসেবে জমা দিতে হতে পারে।
আবেদন জমা পড়ার পর প্রশাসনিক আধিকারিকরা সেটি যাচাই করবেন এবং সরকারি পোর্টাল থেকে আপনার নাম সরিয়ে দেওয়া হবে। এরপর থেকে আপনার অ্যাকাউন্টে আর মাসিক অনুদানের টাকা আসবে না।