চৈত্রে শীতের কামড়! একধাক্কায় ১১ ডিগ্রি নামল পারদ, কালবৈশাখীর তাণ্ডবে ভিজবে কোন কোন জেলা?

চৈত্রের শুরুতেই প্রকৃতির অদ্ভুত খেয়াল। যেখানে তপ্ত রোদে হাঁসফাঁস করার কথা, সেখানে রাতারাতি উধাও গরম। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একধাক্কায় ১১ ডিগ্রি সেলসিয়াস কমে দাঁড়িয়েছে মাত্র ২৩.২ ডিগ্রিতে। ফলে চৈত্র মাসেও বঙ্গে ফিরে এসেছে শীতের আমেজ। সঙ্গে উপরি পাওনা হিসেবে কালবৈশাখীর চোখরাঙানি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ঝোড়ো বৃষ্টির দাপট চলবে আগামী শুক্রবার, অর্থাৎ ২৭ মার্চ পর্যন্ত।
কেন এই অকাল বৃষ্টি? আবহাওয়াবিদদের মতে, উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের ওপর অবস্থান করা নিম্নচাপ অক্ষরেখাই এই পরিবর্তনের মূল কারণ। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গে প্রবেশ করছে, যা কালবৈশাখীর আদর্শ পরিস্থিতি তৈরি করেছে। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।
জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস: কোথায় কখন ঝমঝম? দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় আজ বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবারের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের চিত্রটাও একই। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা চৈত্র সেলের বাজারে কিছুটা হলেও অস্বস্তি বাড়াতে পারে।