একঘেয়ে মাংসের ঝোলে ইতি! মাত্র কয়েক ধাপে বাড়িতেই তৈরি করুন জিভে জল আনা ‘রেড চিকেন’

ছুটির দুপুর হোক বা অফিস ফেরত ব্যস্ত রাত, ফ্রিজে মুরগির মাংস রাখা থাকলেও অনেক সময় মাথায় আসে না ঠিক কী রান্না করা যায়। রোজকার সেই চেনা ঝোল বা কষা খেতে কারোরই আর ভালো লাগে না। কিন্তু খুব সাধারণ কিছু ঘরোয়া মশলা ব্যবহার করে যদি অল্প সময়েই বানিয়ে ফেলা যায় রাজকীয় স্বাদের কোনো পদ, তবে কেমন হয়? আজকের প্রতিবেদনে রইল হায়দ্রাবাদের বিখ্যাত ‘রেড চিকেন কারি’ (Hyderabadi Red Chicken Curry) তৈরির সহজ ঘরোয়া পদ্ধতি। রেস্তোরাঁর মতো স্বাদ অথচ স্বাস্থ্যকর উপায়ে বাড়িতেই বাজিমাত করুন এই রেসিপিতে।
প্রয়োজনীয় উপকরণ:
৫০০ গ্রাম হাড়সহ মুরগির মাংস, ১০-১৫টি কাজুবাদাম, ১০টি কাঠবাদাম, ৩ টেবিল চামচ ডেসিকেটেড নারকেল, ১/২ কাপ ঘন টক দই, ১.৫ টেবিল চামচ আদা-রসুন বাটা, ২-৩টি চেরা কাঁচালঙ্কা, ১ কাপ বেরেস্তা (ভাজা পেঁয়াজ), ১ কাপ পুদিনা পাতা, ১ কাপ ধনেপাতা, ১ টেবিল চামচ গ্রিন চিলি সস, ১ টেবিল চামচ রেড চিলি সস, ২ চা চামচ ডার্ক সয়া সস, সামান্য হলুদ, ২-৩ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ১ টেবিল চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ গরম মশলা, স্বাদমতো নুন ও গোলমরিচ, ১ টেবিল চামচ লেবুর রস, ২ চা চামচ ঘি, ১ টেবিল চামচ সাদা তেল, সামান্য কারি পাতা এবং ২ চা চামচ ফ্রেশ ক্রিম।
প্রস্তুত প্রণালী:
প্রথমে মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। মিক্সার গ্রাইন্ডারে কাজু, কাঠবাদাম ও নারকেল সামান্য জল দিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। একটি বড় পাত্রে মাংসের সঙ্গে বাদামের পেস্ট, টক দই, সব রকমের সস এবং গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে অন্তত আধ ঘণ্টা রেখে দিন।
এবার কড়াইতে তেল ও ঘি গরম করে কারি পাতা ফোড়ন দিন। ফোড়নের মিষ্টি গন্ধ বেরোলে ম্যারিনেট করা মাংসের মিশ্রণটি ঢেলে দিন। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে প্রায় ৪০-৪৫ মিনিট রান্না করুন। মাঝে মাঝে নাড়াচাড়া করবেন যাতে নিচে না লেগে যায়। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং গ্রেভির রং গাঢ় লাল হয়ে উঠেছে, তখন ওপর থেকে ফ্রেশ ক্রিম ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। গরম গরম রুমালি রুটি, নান অথবা বাসমতী চালের ভাতের সঙ্গে পরিবেশন করুন শাহী হায়দ্রাবাদি রেড চিকেন।