মঙ্গলের বুকে হিরে-জহরত? লাল গ্রহে অমূল্য রত্ন পাথরের হদিশ পেয়ে চক্ষু চড়কগাছ বিজ্ঞানীদের!

মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এক অভাবনীয় মোড়! লাল গ্রহ মঙ্গল যে কত রহস্য নিজের বুকে চেপে রেখেছে, তার আরও এক ঝলক দেখে তাজ্জব হয়ে গেলেন বিজ্ঞানীরা। এবার মঙ্গলের মাটিতে খোঁজ মিলল এমন এক বিশেষ ধরনের নুড়ি পাথরের, যা আসলে চুনি (Ruby) ও নীলকান্তমণির (Sapphire) মতো অত্যন্ত মূল্যবান রত্ন পাথরের জন্মদাতা। নাসার ‘পারসিভিয়ারেন্স’ রোভারের পাঠানো ছবি বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন গবেষকরা।
সাধারণত পৃথিবীতে এই ধরনের রত্ন পাথর তৈরি হয় টেকটনিক প্লেটের ঘর্ষণ এবং তার ফলে উৎপন্ন প্রচণ্ড তাপে। কিন্তু মঙ্গলে কোনো টেকটনিক প্লেটই নেই! তবে এই বিশেষ পাথর এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা এক রোমাঞ্চকর তত্ত্ব খাড়া করেছেন। তাঁদের মতে, মঙ্গলের বুকে আছড়ে পড়া বিশালাকার গ্রহাণু বা অ্যাস্টেরয়েডের আঘাত থেকে তৈরি হওয়া প্রচণ্ড উত্তাপেই সেখানকার ধুলোর রাসায়নিক গঠন বদলে গেছে। আর সেই উত্তাপেই জন্ম নিয়েছে মাত্র ০.২ মিলিমিটার আকারের এই অতি ক্ষুদ্র কিন্তু বহুমূল্য নুড়িগুলো।
টেক্সাসে অনুষ্ঠিত লুনার অ্যান্ড প্ল্যানেটরি কনফারেন্সে গবেষকরা এই আবিষ্কারের কথা তুলে ধরেন। নিউ মেক্সিকোর গবেষণাগারে ছবিগুলো পরীক্ষা করার সময় তাঁরা দেখেন, মঙ্গলের রুক্ষ মাটিতেও ছড়িয়ে থাকতে পারে রত্নভাণ্ডারের উৎস। এই আবিষ্কার বিজ্ঞানীদের মঙ্গলগ্রহের ভূতাত্ত্বিক গঠন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। লাল গ্রহ কি তবে ভবিষ্যতে মানুষের জন্য কোনো দামি খনির হদিশ দেবে? সেই উত্তর খুঁজতেই এখন মরিয়া বিজ্ঞানীরা।