‘পরিচারিকাকে বিয়ে করছেন না!’ বিবাহবিচ্ছেদ মামলায় স্বামীর অভিযোগ শুনে কড়া ধমক সুপ্রিম কোর্টের

বিবাহবিচ্ছেদ বা ডিভোর্সের মামলায় এক ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দিল ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার একটি মামলার শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো স্ত্রী যদি বাড়িতে রান্না বা গৃহস্থালির কাজ করতে অস্বীকার করেন, তবে তাকে ‘নিষ্ঠুরতা’ হিসেবে গণ্য করা যাবে না। বিচারপতি সন্দীপ মেহতা আবেদনকারী স্বামীকে উদ্দেশ্য করে বলেন, “আপনি কোনো পরিচারিকাকে বিয়ে করছেন না, আপনি একজন জীবনসঙ্গীকে বিয়ে করছেন।”

২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এক দম্পতির বিচ্ছেদ মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। স্বামীর অভিযোগ ছিল, বিয়ের এক সপ্তাহ পর থেকেই স্ত্রীর আচরণ বদলে যায়। তিনি বাড়ির লোকের জন্য রান্না করতে চাইতেন না এবং অশ্লীল ভাষা ব্যবহার করতেন। ফ্যামিলি কোর্ট এই অভিযোগের ভিত্তিতে বিচ্ছেদ মঞ্জুর করলেও হাইকোর্ট তা বাতিল করে দেয়। এরপরই স্বামী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

মামলাটির শুনানি চলাকালীন বিচারপতি বিক্রম নাথ মন্তব্য করেন, “সময় বদলে গেছে। এখন স্বামীকেও রান্না বা ধোয়াধুইয়ের মতো গৃহস্থালির কাজে সমানভাবে অবদান রাখতে হবে।” আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ঘরের কাজ শুধুমাত্র মহিলার একার দায়িত্ব নয়। আট বছরের সন্তান থাকা সত্ত্বেও দম্পতি নিজেদের মধ্যে বিবাদ মেটাতে ব্যর্থ হওয়ায় আদালত দুক্ষপ্রকাশ করেছে। শীর্ষ আদালত আপাতত মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছে এবং উভয় পক্ষকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে।