সমুদ্রে দাদাগিরি চলবে না! পশ্চিম এশিয়া সংকটের মাঝে জাহাজ চলাচল নিয়ে বিশ্বনেতাদের হুঁশিয়ারি ভারতের!

পশ্চিম এশিয়া সংকটের আবহে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ সচল রাখতে এবার বড়সড় কূটনৈতিক চাল চালল ভারত। পারস্য উপসাগরের রণকৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালী’ দিয়ে জাহাজ চলাচল যাতে কোনোভাবেই বাধাপ্রাপ্ত না হয়, তার জন্য কড়া সওয়াল করল নয়াদিল্লি। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সমুদ্রপথে অবাধ বাণিজ্য এবং ভারতের জাহাজগুলির নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সক্রিয় ভূমিকা নিচ্ছেন।
পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রধানমন্ত্রী মোদী ইতিমধ্যেই ফ্রান্স, ওমান, মালয়েশিয়া, জর্ডন এবং কাতারের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোনে কথা বলেছেন। ভারতের উদ্বেগের মূল কারণ হলো জ্বালানি নিরাপত্তা। পারস্য উপসাগরীয় অঞ্চলে বর্তমানে ভারতের ২২টি বাণিজ্যিক জাহাজ মোতায়েন রয়েছে। এই রুটটি বন্ধ হলে কেবল ভারত নয়, গোটা বিশ্বের অর্থনীতিতে ধস নামতে পারে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, জ্বালানি পরিকাঠামোয় যেকোনো ধরনের হামলা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক।
রণধীর জয়সওয়াল সংবাদিক বৈঠকে জানান, “হরমুজ প্রণালী হোক বা বিশ্বের অন্য কোনো জলপথ—ভারত সর্বদা অবাধ ও সুরক্ষিত নৌ-চলাচলের পক্ষে। এটি কেবল আমাদের একার সমস্যা নয়, গোটা বিশ্বের স্বার্থ এর সঙ্গে জড়িয়ে।” মোদী সরকার সাফ জানিয়ে দিয়েছে যে, আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোই এখন একমাত্র পথ। কোনোভাবেই যেন সমুদ্রপথকে যুদ্ধের ময়দান হিসেবে ব্যবহার করে বিশ্ববাণিজ্যকে স্তব্ধ না করা হয়, সেই বার্তাই বিশ্বমঞ্চে পৌঁছে দিয়েছে ভারত।