১১ বছর ধরে নিখরচায় রান্না! মাটির তলা থেকে ওঠা মিথেন গ্যাসে বছরে ১০ হাজার টাকা সাশ্রয় কেরালার দম্পতির

সারা দেশে যখন রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম এবং সিলিন্ডারের জোগান নিয়ে ত্রাহি ত্রাহি রব, তখন কেরালার আলাপ্পুঝার রেথনাম্মা ও রমেশানের পরিবার সম্পূর্ণ নিশ্চিন্ত। তাঁদের রান্নাঘরে জ্বলছে প্রাকৃতিক মিথেন গ্যাস, যার উৎস তাঁদেরই বাড়ির আঙিনা।

ঘটনার সূত্রপাত: ২০১১ সালে পানীয় জলের জন্য বাড়িতে একটি গভীর নলকূপ খোঁড়ার কাজ শুরু করেন রেথনাম্মা। প্রায় ৭৫ ফুট খোঁড়ার পরও জল মেলেনি। হতাশ হয়ে গর্তটি বুজিয়ে দেওয়ার সময় হঠাৎ এক মিস্ত্রি দেশলাই জ্বালাতেই গর্তের মুখ থেকে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। উপস্থিত সবাই ঘাবড়ে গেলেও রেথনাম্মা এতে সুযোগ দেখতে পান।

সাশ্রয় ও সুরক্ষা: খোঁড়াখুঁড়ির টাকা উসুল করতে ওই গর্তের মুখে পাইপ লাগিয়ে সরাসরি রান্নাঘরের স্টোভের সঙ্গে যুক্ত করে দেন তিনি। রেথনাম্মার স্বামী রমেশান জানান, বিগত ১১ বছরেরও বেশি সময় ধরে তাঁরা এভাবেই রান্না করছেন। এতে বছরে প্রায় ১০ হাজার টাকার এলপিজি সিলিন্ডার সাশ্রয় হচ্ছে তাঁদের। কোনো দুর্গন্ধ বা দুর্ঘটনা ছাড়াই দিব্যি চলছে তাঁদের সংসার।