“আমি রেশন দিতে চাই, কিন্তু…” কমিশনের কোপে ফুড সেক্রেটারি! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে আইএএস (IAS) ও আইপিএস (IPS) অফিসারদের লাগাতার বদলি নিয়ে উত্তপ্ত রাজনৈতিক ময়দান। এবার এই ইস্যুতে সরাসরি রণংদেহি মেজাজে ধরা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের সাংবাদিক বৈঠক থেকে তিনি আশঙ্কা প্রকাশ করলেন যে, যেভাবে গুরুত্বপূর্ণ দফতরের সচিবদের ভিনরাজ্যে পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে, তাতে থমকে যেতে পারে জনপরিষেবা।
“আমাকে দোষ দেবেন না”: মমতার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী এদিন সাফ জানান, খাদ্য দপ্তর, পঞ্চায়েত এবং পূর্ত দপ্তরের (PWD) মতো গুরুত্বপূর্ণ বিভাগের প্রিন্সিপ্যাল সেক্রেটারি ও স্পেশাল সেক্রেটারি পদমর্যাদার অফিসারদের ভিনরাজ্যে ভোট পর্যবেক্ষক হিসেবে পাঠিয়ে দিচ্ছে কমিশন। মমতার প্রশ্ন, “মানুষ রেশন পাবে কোথা থেকে? যদি রেশন বন্ধ হয়ে যায়, তবে মানুষ যেন আমাকে দোষ না দেয়। কারণ আমি পরিষেবা দিতে চাই, কিন্তু অফিসারদের সরিয়ে নেওয়া হচ্ছে।” তিনি আরও যোগ করেন, গ্রামীণ রাস্তা তৈরি বা প্রাকৃতিক দুর্যোগের সময় পূর্ত দপ্তরের সচিবদের বড় ভূমিকা থাকে, তাঁদের সরিয়ে নিলে জরুরি অবস্থায় দায়িত্ব নেবে কে?
মোদী-শাহকে তীব্র আক্রমণ: প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে মমতা বলেন, “মোদী সরকারে মাত্র দুজন কাজ করেন— মোদীজি আর তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী। এই দুই ভাই মিলে দাঙ্গা থেকে দেশভাগ, সব কিছুতে স্বৈরাচারী মনোভাব নিয়ে গোটা ভারতকে গায়ের জোরে দখল করেছে।” তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন এখন বিজেপির “তোতাপাখি” হিসেবে কাজ করছে এবং কোনো অভিযোগ ছাড়াই বেছে বেছে দক্ষ অফিসারদের বদলি করা হচ্ছে।
সংস্কৃতি ও ভৌগোলিক জ্ঞানের অভাব: মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাংলার অফিসারদের সরিয়ে ভিনরাজ্যের যে আমলাদের এখানে আনা হচ্ছে, তাঁরা বাংলার সংস্কৃতি, ভাষা বা ভৌগোলিক অবস্থান সম্পর্কে কিছুই জানেন না। ফলে ব্লক স্তরে কোনো সমস্যা হলে বা কোনো বড় বিপর্যয় ঘটলে পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে। এর জন্য সরাসরি বিজেপি সরকারকে দায়ী করেছেন তিনি।