TMC-র ইশতেহার প্রকাশ হতে পারে আজ, দেখেনিন কী কী চমক থাকতে পারে?

প্রার্থী তালিকা ঘোষণা হতেই নির্বাচনী রণক্ষেত্রে কার্যত ঝড় তুলেছে ঘাসফুল শিবির। এবার সেই উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে আজ, শুক্রবার বহু প্রতীক্ষিত ‘নির্বাচনী ইশতেহার’ প্রকাশ করতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল নাগাদ কালীঘাটের বাসভবন থেকেই এই ইশতেহার প্রকাশ করবেন তিনি। সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব।
কী চমক থাকছে এবারের ‘ম্যানিফেস্টো’-তে? ২০২১ সালে ‘দুয়ারে রেশন’ বা ‘মা ক্যান্টিন’-এর মতো প্রকল্প দিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছিল তৃণমূল। সূত্রের খবর, ২০২৬-এর ইশতেহারেও সাধারণ মানুষের পকেটে সরাসরি টান পড়ে এমন একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা থাকতে পারে। মূলত স্বাস্থ্য ক্ষেত্র, নারী ক্ষমতায়ন এবং যুব প্রজন্মের কর্মসংস্থান—এই তিন স্তম্ভের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে এবারের নীল-সাদা রণকৌশল। গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ানের পাশাপাশি আগামী ৫ বছরের জন্য একগুচ্ছ নতুন দিশা থাকবে এই ইশতেহারে।
হাতিয়ার ‘বাঙালি অস্মিতা’ ও নতুন স্লোগান শুধু উন্নয়নই নয়, এবারের লড়াইয়ে আবেগকে ঢাল করতে চাইছে তৃণমূল। ২০২১-এর ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগান সরিয়ে এবার নয়া রণধ্বনি: ‘যে লড়ছে সবার ডাকে, সেই বাঁচাবে বাংলা মা-কে’। একইসঙ্গে ভবানীপুরের ঘরের মেয়ে হিসেবে মমতার পুরনো স্লোগান ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’ আবারও নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে তৃণমূলের প্রচার মিছিলে।
তালিকায় বিশেষ নজর:
-
স্বাস্থ্যসাথী কার্ডে মিলতে পারে আরও বাড়তি সুবিধা।
-
যুবশ্রী ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে বড় ঘোষণা।
-
নারী সুরক্ষা ও স্বনির্ভর গোষ্ঠীর জন্য বিশেষ আর্থিক প্যাকেজ।
রাজনৈতিক মহলের মতে, বিজেপি ও বাম-কংগ্রেস জোটকে টেক্কা দিতে মমতার এই ইশতেহারই হতে চলেছে তৃণমূলের প্রধান অস্ত্র। এখন দেখার, কালীঘাট থেকে আজ বাংলার মানুষের জন্য কী উপহার নিয়ে আসেন নেত্রী।