ভোটের মুখে বড় ধাক্কা! শুক্রবারই কি আসছে সাপ্লিমেন্টারি লিস্ট? বাদ যেতে পারে ৮ লক্ষ ভোটারের নাম!

লোকসভা নির্বাচনের মুখে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বড়সড় রদবদল ঘটতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ শুক্রবারই প্রকাশিত হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি বা পরিপূরক তালিকা। আর এই প্রথম তালিকাতেই প্রায় ৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে, যার মধ্যে ২৩ লক্ষ ৩০ হাজার নামের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়ে গিয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, এই ২৩ লক্ষ ৩০ হাজার নামের মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম বাদ যেতে পারে, যার সংখ্যা দাঁড়াবে প্রায় ৮ লক্ষ। যদি এই হারেই নাম বাদ পড়তে থাকে, তবে পুরো বিবেচনাধীন তালিকা থেকে প্রায় ২৫ লক্ষ নাম বাদ যেতে পারে। ইতিপূর্বেই এসআইআর (SIR) প্রক্রিয়ায় প্রায় ৬১ লক্ষ নাম বাদ পড়েছে। ফলে সব মিলিয়ে রাজ্যজুড়ে ভোটার তালিকা থেকে ৮৫ থেকে ৮৬ লক্ষ নাম বাদ পড়ার এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি হতে চলেছে।

কমিশনের নয়া টেকনোলজি: কাজ দ্রুত শেষ করতে কমিশন একটি বিশেষ সফটওয়্যার তৈরি করেছে। এই সফটওয়্যারটি জুডিশিয়াল অফিসারদের দেওয়া হবে, যার মাধ্যমে নিষ্পত্তি হওয়া নামগুলি দ্রুত তালিকার আকারে বের করা সম্ভব হবে। কাজ শেষ হওয়ার মাত্র ৬ ঘণ্টার মধ্যেই কমিশন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে। এরপর সেই তালিকা প্রতিটি বুথে টাঙিয়ে দেওয়া হবে।

নাম বাদ পড়লে কী করবেন? আগামী ৯ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। হাতে সময় মাত্র ২১ দিন থাকলেও কমিশন আত্মবিশ্বাসী যে বাকি ৩৭ লক্ষ নামের নিষ্পত্তি সময়ের মধ্যেই হয়ে যাবে। তবে তালিকায় নাম না থাকলে ভোটারদের ভেঙে পড়ার কারণ নেই; তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করে নাম তোলার সুযোগ পাবেন।