ধুলোয় মিশল ১২০টি জাহাজ, নেই একটিও সাবমেরিন! পিট হেগসেথের দাবিতে কাঁপছে তেহরান

ইরান-আমেরিকা যুদ্ধ আজ ১৯ দিনে পা দিল। আর এরই মাঝে পেন্টাগন থেকে এক বিস্ফোরক ঘোষণা করলেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যুদ্ধে আমেরিকা তাদের ছক মতোই এগোচ্ছে এবং জয় এখন সময়ের অপেক্ষা। মিডিয়ার ‘অনন্তকাল ধরে যুদ্ধ’ চলার জল্পনা উড়িয়ে দিয়ে হেগসেথ দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’ (Operation Epic Fury) অত্যন্ত নিখুঁত এবং নির্ণায়ক।

পিট হেগসেথের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ১৯ দিনে ইরানের সামরিক পরিকাঠামোর ৭,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে মার্কিন ফৌজ। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন সম্পূর্ণ বিধ্বস্ত। আমেরিকার দাবি, ইরানের মিসাইল তৈরির ক্ষমতা প্রায় ৯০ শতাংশ শেষ করে দেওয়া হয়েছে। সমুদ্রপথেও তেহরানকে পঙ্গু করে দেওয়ার দাবি করেছে আমেরিকা। হেগসেথ জানান, “ইরানের নৌবাহিনীর ১২০টির বেশি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। এককালে তাদের ১১টি সাবমেরিন ছিল, এখন একটিও অবশিষ্ট নেই। তাদের সামরিক বন্দরগুলো এখন কেবল ধ্বংসস্তূপ।”

মার্কিন প্রতিরক্ষা সচিব আরও জানান, বুশ বা ওবামার আমলের মতো এই যুদ্ধ অন্তহীন নয়। ইরানের পরমাণু অস্ত্র তৈরির স্বপ্ন চিরতরে মুছে দেওয়াই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য। হেগসেথের হুঁশিয়ারি, “আজকের হামলা হবে এযাবৎকালের সবথেকে বড় ও ব্যাপক। আমরা আকাশপথ থেকে যমদূত হয়ে নামছি।” ওয়াশিংটনের এই দাবির পর এখন গোটা বিশ্বের নজর তেহরানের প্রতিক্রিয়ার দিকে।