পাহাড়ে বিজেপির বড় চাল! জিএনএলএফ-এর হাত ছেড়ে গুরুংয়ের মোর্চাকে নিয়ে ময়দানে গেরুয়া শিবির

পাহাড়ের রাজনীতিতে বড়সড় ভূমিকম্প! দীর্ঘদিনের জোট শরিক সুভাষ ঘিসিংয়ের জিএনএলএফ-কে (GNLF) কার্যত ছুড়ে ফেলে দিয়ে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার হাত ধরল বিজেপি। বৃহস্পতিবার বিকেলে পাহাড়ের তিন আসন— কার্শিয়াং, কালিম্পং ও দার্জিলিঙের প্রার্থী তালিকা ঘোষণা করতেই জল্পনা তুঙ্গে উঠেছে। তবে সবচেয়ে বড় চমক হলো, বর্তমান বিধায়ক নীরজ জিম্বাকে এবার আর টিকিট দেয়নি বিজেপি।
বিজেপির দ্বিতীয় তালিকায় পাহাড়ের সমীকরণ বদলে দেওয়ার চেষ্টা স্পষ্ট। কালিম্পং আসনে নতুন মুখ হিসেবে ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক তথা অলিম্পিয়ান ভরত ছেত্রীকে প্রার্থী করা হয়েছে। কার্শিয়াং ব্লকের সভাপতি সোনম লামা লড়বেন কার্শিয়াং আসন থেকে। অন্যদিকে, দার্জিলিং আসনটি ছাড়া হয়েছে বিমল গুরুংয়ের মোর্চাকে। সেখান থেকে লড়বেন তরুণ তুর্কি নোমান রাই। তবে শর্ত একটাই, মোর্চার প্রার্থী হলেও তাঁকে লড়তে হবে বিজেপির পদ্ম প্রতীকেই।
বিজেপির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ জিএনএলএফ। তাদের অভিযোগ, কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এই জোটকে আমল দিতে নারাজ। তাদের দাবি, যেভাবে জিএনএলএফ শেষ হয়েছে, বিমল গুরুংও এবার সেভাবেই শেষ হয়ে যাবেন। টিকিট না পেয়ে নীরজ জিম্বাও ঘনিষ্ঠ মহলে ক্ষোভ উগরে দিয়েছেন। এখন দেখার, পাহাড়ের এই নতুন ‘বিমল-বিজেপি’ রসায়ন ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে।