৯০০ গোলের চূড়ায় লিওনেল মেসি! রোনাল্ডোর চেয়েও কম ম্যাচে অনন্য রেকর্ড এলএম টেন-এর

বিশ্ব ফুটবলের সিংহাসন নিয়ে লড়াই চলতেই থাকবে, কিন্তু পরিসংখ্যানে আরও একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে কেরিয়ারের ৯০০ গোলের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেললেন এলএম টেন। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অফ সিক্সটিন-এ ন্যাশভিল এসসি-র বিরুদ্ধে ম্যাচের ঠিক সপ্তম মিনিটে বাঁ পায়ের সেই চেনা জাদুকরী শটে বল জালে জড়িয়ে এই ইতিহাস গড়েন আর্জেন্টাইন মহাতারকা।

মেসির এই ৯০০ গোলের সফর যেন তাঁর ২১ বছরের বর্ণময় কেরিয়ারের এক ঝলক। বার্সেলোনার হয়ে ৬৭২ গোল, আর্জেন্টিনার জার্সিতে ১১৫, পিএসজি-র হয়ে ৩২ এবং ইন্টার মায়ামির হয়ে ৮১টি গোল— সব মিলিয়ে তৈরি হলো এই অনন্য কীর্তি। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, মেসি এই লক্ষ্যে পৌঁছেছেন মাত্র ১,১৪২টি ম্যাচ খেলে। অন্যদিকে, তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৯০০ গোল করতে সময় নিয়েছিলেন ১,২৩৬টি ম্যাচ। অর্থাৎ প্রায় ১০০টি ম্যাচ কম খেলেই রোনাল্ডোর রেকর্ডে ভাগ বসালেন মেসি।

তবে রেকর্ডের দিনেও ভাগ্যের পরিহাস পিছু ছাড়ল না মায়ামিকে। ব্যক্তিগতভাবে মেসি গোল পেলেও, ম্যাচটি শেষ পর্যন্ত হারতে হয়েছে ইন্টার মায়ামিকে। ‘অ্যাওয়ে গোল’-এর গেরোয় আটকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বেকহ্যামের দল। সামনেই জুনে বিশ্বকাপ, তার আগে অধিনায়কের এই ফর্ম স্বস্তি দিচ্ছে নীল-সাদা শিবিরকে। এখন প্রশ্ন একটাই, ১০০০ গোলের মাইলফলক আগে কে ছোঁবেন? ৯৬৭ গোল নিয়ে রোনাল্ডো নাকি ১০০ ম্যাচ কম খেলে ৯০০ ছোঁয়া মেসি? ফুটবল বিশ্ব এখন সেই রোমাঞ্চের অপেক্ষায়।