বিধানসভা নির্বাচনের মহালড়াই শুরুর আগে বড় ঘোষণা আলিমুদ্দিনের

বিধানসভা নির্বাচনের মহালড়াই শুরুর আগে বড় ঘোষণা আলিমুদ্দিনের। সোমবারের পর বৃহস্পতিবার ৩২ জন প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। ২৯৪টি আসনের মধ্যে ইতিমধ্যেই ২২৪টি কেন্দ্রের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে তারা। তবে এই তালিকার সবচেয়ে বড় খবর হলো— মহম্মদ সেলিম, সৃজন ভট্টাচার্য বা শতরূপ ঘোষের মতো চেনা মুখগুলির অনুপস্থিতি। প্রথম সারির নেতাদের বাদ দিয়ে বামেরা এবার জোর দিয়েছে নতুন এবং তরুণ ব্রিগেডের ওপর।

হাইভোল্টেজ কেন্দ্রগুলিতে এবারের লড়াই বেশ আকর্ষণীয় হতে চলেছে। ভবানীপুরে মমতা-শুভেন্দু দ্বৈরথের মাঝে বামেদের বাজি আইনজীবী সৃজীব বিশ্বাস। টালিগঞ্জে অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস এবং বালিগঞ্জে লড়ছেন গবেষক আফরিন বেগম (শিল্পী)। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে সিপিএম নামিয়েছে সমরেন্দ্রনাথ নাইয়া-কে। অন্যদিকে, নন্দীগ্রামের মেগা-ফাইটে বামেদের প্রার্থী হচ্ছেন সিপিআই-এর শান্তি গিরি

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু অসুস্থ থাকলেও লিবারেশনের সঙ্গে জোট অটুট রাখার বার্তা দিয়েছেন। সিপিআইএমএল লিবারেশন ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। শরিকি দ্বন্দ্ব এবং আইএসএফ-এর সঙ্গে আসন রফা নিয়ে কিছু চাপানউতোর থাকলেও, ৩২ জনের এই নতুন তালিকা বুঝিয়ে দিচ্ছে বামেরা এবার অভিজ্ঞতার চেয়ে তারুণ্য এবং স্থানীয় লড়াইকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তবে সেলিম বা সৃজনের মতো বাগ্মী নেতাদের ভোট ময়দান থেকে দূরে রাখা কৌশলী চাল নাকি বাধ্যবাধকতা, তা নিয়ে জল্পনা তুঙ্গে।