বিদেশে গিয়েও পানের পিক! লন্ডনের রাস্তায় থুতু ফেলে ৩ লক্ষ টাকা জরিমানা দুই ভারতীয়র

ভারতের রাস্তাঘাটে পানের পিক বা গুটখার লাল দাগ দেখা অতি সাধারণ বিষয় হলেও, ব্রিটেনে এই অভ্যাস কাল হয়ে দাঁড়াল দুই ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির জন্য। লন্ডনের রাস্তা নোংরা করার অপরাধে তাঁদের দুজনকে মিলিয়ে ৩ লক্ষ টাকারও বেশি জরিমানা করেছে ব্রিটিশ প্রশাসন। কিংসবারি রোড এবং নর্থ ওয়েম্বলি স্টেশনের কাছে পানের পিক ফেলার অপরাধে হাতেনাতে ধরা পড়েন তাঁরা। ভারতীয় মুদ্রায় একজনের জরিমানার অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ১.৪৫ লক্ষ টাকা!
প্রাথমিকভাবে তাঁদের দুজনকে ১০০ পাউন্ড (প্রায় ১০,৫০০ টাকা) করে জরিমানা করা হয়েছিল। কিন্তু সেই টাকা নির্ধারিত সময়ে না মেটানোয় বিষয়টি আদালতে গড়ায়। সেখানেই বিচারক কড়া অবস্থান নিয়ে জরিমানার অঙ্ক বহুগুণ বাড়িয়ে দেন। ব্রিটেনের কাউন্সিলর কৃপা শেঠ স্পষ্ট জানিয়েছেন, “রাস্তাঘাট নোংরা করা বা জনসমক্ষে থুতু ফেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শহরের সৌন্দর্য রক্ষা করা প্রত্যেকের নাগরিক কর্তব্য।”
রিপোর্ট অনুযায়ী, উত্তর লন্ডনের কাউন্সিলগুলিকে প্রতি বছর রাস্তা থেকে পানের জেদি দাগ মুছতে প্রায় ৩০ হাজার পাউন্ড (প্রায় ৩৫ লক্ষ টাকা) খরচ করতে হয়। বিশেষ করে ওয়েম্বলি এবং ব্রেন্ট এলাকায় ল্যাম্পপোস্ট থেকে শুরু করে টেলিফোন বক্স— সর্বত্রই এই লালচে ছোপ প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখন রাস্তায় সাদা পোশাকে অফিসার মোতায়েন করা হয়েছে। ভারতীয়দের এই কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ট্রোলিংয়ের বন্যা বয়ে যাচ্ছে। বিদেশের মাটিতে এই ধরণের আচরণ দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা।