পানিহাটি কেন্দ্রে ধোঁয়াশা কাটল? নাম ঘোষণার আগেই বিজেপির পতাকা হাতে স্লোগান দিলেন নির্যাতিতার বাবা!

২০২৬ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তালিকায় পানিহাটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। কিন্তু সরকারি ঘোষণার আগেই এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকল পানিহাটিবাসী। বৃহস্পতিবার বিকেলে আরজি করের সেই নির্যাতিতা ছাত্রী ‘অভয়া’-র বাড়িতে পৌঁছে গেলেন বিজেপি কর্মীরা। খোদ নির্যাতিতার বাবা নিজের হাতে বাড়ির দেওয়ালে বিজেপির দলীয় পতাকা লাগালেন। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার আগেই এই ঘটনা ঘিরে কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে যে, পানিহাটিতে পদ্ম শিবিরের প্রার্থী হচ্ছেন অভয়ার মা-ই।
সিপিএম-কে কড়া আক্রমণ: এদিন সংবাদমাধ্যমের সামনে সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তর নাম না করে তোপ দাগেন নির্যাতিতার মা। তাঁর অভিযোগ, সিপিএম তাঁর মেয়ের মৃত্যুর ইস্যুটিকে রাজনৈতিক স্বার্থে এবং ভোটের প্রচারে ব্যবহার করছে, যা তিনি মেনে নিতে পারছেন না। তাঁর দাবি, “মেয়ের বিচারের জন্য বিজেপি-কেই প্রধান বিকল্প মনে করছি।”
কেন বিজেপিকেই বেছে নিলেন? অভয়ার মায়ের স্পষ্ট বক্তব্য, লড়াইটা এখন কঠিন হয়ে যাচ্ছে। মেয়েকে যারা কেড়ে নিয়েছে, তাদের ক্ষমতা থেকে সরাতে বিজেপি-ই প্রধান বিরোধী শক্তি। তিনি নিজেই বিজেপি নেতৃত্বকে ফোন করে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিজেপির পতাকা হাতে নিয়ে এদিন বিজেপি কর্মীদের সঙ্গে স্লোগান দিতেও দেখা যায় নির্যাতিতার বাবাকে। রাজনৈতিক মহলের মতে, পানিহাটিতে তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ এবং সিপিএমের কলতান দাশগুপ্তর বিরুদ্ধে অভয়ার মা প্রার্থী হওয়া মানে এই কেন্দ্রের লড়াই এখন স্রেফ রাজনীতির নয়, বরং আবেগের লড়াইয়ে পরিণত হওয়া।