শেয়ার বাজারে হাহাকার! মাত্র ১ ঘণ্টায় উধাও ৭৬ হাজার কোটি টাকা, নিফটি-সেনসেক্সে ঐতিহাসিক ধস!

গত কয়েকদিনের স্বস্তি কাটিয়ে বৃহস্পতিবার কার্যত বধ্যভূমিতে পরিণত হলো ভারতীয় শেয়ার বাজার। লেনদেন শুরু হওয়ার মাত্র ৬০ মিনিটের মধ্যে লগ্নিকারীদের প্রায় ৭৬ হাজার কোটি টাকা বাজার থেকে কর্পূরের মতো উবে গিয়েছে। সেনসেক্স এবং নিফটি—উভয় সূচকই ৩ শতাংশের বেশি পড়েছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় পতন। দিনের শেষে সেনসেক্স প্রায় ২,৪৯৬ পয়েন্ট খুইয়ে দাঁড়িয়েছে ৭৪,২০৭-এ এবং নিফটি ৭৭৫ পয়েন্ট পড়ে স্থির হয়েছে ২৩,০০২ পয়েন্টে।

কেন এই মহাধস? বিশেষজ্ঞদের নজরে ৪টি প্রধান কারণ:

  • অপরিশোধিত তেলের জ্বালা: মধ্যপ্রাচ্যে ইরান ও কাতারের তেল ও গ্যাস পরিকাঠামোয় হামলার জেরে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলার ছাড়িয়ে গিয়েছে। ভারত আমদানিকারক দেশ হওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে বাজারে।

  • ভূ-রাজনৈতিক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে লগ্নিকারীরা আতঙ্কিত।

  • বিদেশি লগ্নিকারীদের (FPI) প্রস্থান: বিদেশি বিনিয়োগকারীরা গত ১২টি ট্রেডিং সেশনেই প্রায় ৭৭,২১৪ কোটি টাকার শেয়ার বিক্রি করে বাজার থেকে টাকা তুলে নিয়েছেন।

  • আমেরিকার ফেডারেল রিজার্ভের অবস্থান: সুদের হার কমানো নিয়ে আমেরিকার ফেড রিজার্ভের পক্ষ থেকে কোনো ইতিবাচক সংকেত না মেলায় লগ্নিকারীরা ভারতীয বাজারের মতো উদীয়মান বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।