“আমি নেপো কিড নই বলে গুরুত্ব দেয়নি!” অশ্লীল গান বিতর্কে বিস্ফোরক নোরা ফাতেহি, কাঠগড়ায় নির্মাতারা

পর্দায় তাঁর শরীরী হিল্লোল মানেই কোটি কোটি ভক্তের হৃদস্পন্দন বেড়ে যাওয়া। কিন্তু এবার নাচের ছন্দে নয়, বরং গানের ‘অশ্লীল’ শব্দচয়ন নিয়ে নেটপাড়ার তীব্র রোষের মুখে পড়লেন নোরা ফাতেহি। সঞ্জয় দত্তর সঙ্গে তাঁর নতুন গান ‘সরকে চুনার’ মুক্তি পেতেই শুরু হয় সমালোচনা। নেটিজেনদের অভিযোগ, গানের ভাষা অত্যন্ত কুরুচিকর। তবে এই বিতর্কে এবার নীরবতা ভেঙে সরাসরি বলিউডের ‘নেপোটিজম’ বা স্বজনপোষণ নিয়ে যুদ্ধ ঘোষণা করলেন নোরা।
অগোচরেই বদলানো হয়েছে লিরিক্স?
ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় নোরা দাবি করেন, এই গানটি তিন বছর আগে কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর জন্য শ্যুট করা হয়েছিল। নোরা বলেন, “আমি কন্নড় ভাষা বুঝি না। নির্মাতারা তখন আমায় যা বুঝিয়েছিলেন, তাতে আপত্তিকর কিছু ছিল না। সঞ্জয় দত্তর মতো মহাতারকার সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি।” নোরার বিস্ফোরক অভিযোগ, তাঁর অজান্তেই হিন্দি ডাবিংয়ের সময় গানে অত্যন্ত অশ্লীল শব্দ যোগ করা হয়েছে।
“আমি নেপো কিড নই”: নোরার অভিমান
ইন্ডাস্ট্রির বৈষম্য নিয়ে ক্ষোভ উগরে দিয়ে নোরা জানান, হিন্দি গানটি শোনার পরই তিনি প্রতিবাদ করেছিলেন এবং নিজেকে প্রচার থেকে সরিয়ে নিয়েছিলেন। তাঁর কথায়, “আমি কোনো স্টার কিড বা নেপো কিড নই। আমাদের মতো আউটসাইডারদের কথা কেউ গুরুত্ব দিয়ে শোনে না। নির্মাতাদের ওপর প্রভাব খাটানোর মতো ক্ষমতা বা ব্যাকআপ আমার নেই। এখানে শিল্পীর চেয়ে বাণিজ্যিক স্বার্থই বড় হয়ে দাঁড়ায়।”
কঙ্গনার নিন্দা ও নির্মাতাদের পিছুটান:
বিতর্কিত এই গানটি নিয়ে কঙ্গনা রানাওয়াতের মতো তারকারাও সরব হয়েছেন। চারদিক থেকে ধেয়ে আসা তীব্র সমালোচনার চাপে পড়ে শেষ পর্যন্ত ইউটিউব ও অন্যান্য প্ল্যাটফর্ম থেকে গানটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন নির্মাতারা। নোরার এই স্পষ্ট স্বীকারোক্তি এখন বি-টাউনের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
দীর্ঘ কঠোর পরিশ্রমে তৈরি করা নিজের ইমেজ রক্ষায় নোরা যেভাবে রুখে দাঁড়িয়েছেন, তাতে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ এখন তাঁর পাশে দাঁড়াচ্ছেন। এখন দেখার, নতুন লিরিক্স নিয়ে এই গান আদেও আর মুক্তি পায় কি না।