ছেলের পর এবার বাবা! ২ দিন ধরে সিবিআই স্ক্যানারে অনিল আম্বানি, বাজেয়াপ্ত হতে পারে অতিকায় বিলাসবহুল প্রাসাদ?

ব্যাঙ্ক জালিয়াতির গুরুতর অভিযোগে এবার সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর (CBI) মুখোমুখি শিল্পপতি অনিল আম্বানি। বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট সময়েই দিল্লির সিবিআই সদর দপ্তরে পৌঁছান তিনি। রিলায়েন্স কমিউনিকেশনের (RCom) বিরুদ্ধে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) দায়ের করা প্রায় ২,৯২৯ কোটি টাকার প্রতারণা মামলায় তাঁকে টানা দু-দিন জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে কী?
সিবিআই-এর এফআইআর (FIR) অনুযায়ী, এক সময় টেলিকম বাজারে রাজত্ব করা রিলায়েন্স কমিউনিকেশন ব্যবসার উন্নতির জন্য বিভিন্ন ব্যাঙ্ক থেকে মোটা অংকের ঋণ নিয়েছিল। কিন্তু সেই টাকা ব্যবসার কাজে ব্যবহার না করে অন্য কাজে সরানো হয়েছে বলে অভিযোগ স্টেট ব্যাঙ্কের। তদন্তকারীদের দাবি, জালিয়াতির মাধ্যমে ঋণের টাকা তছরুপ করা হয়েছে, যা সরাসরি বিশ্বাসভঙ্গ এবং আর্থিক অপরাধের শামিল।

ছেলের পর এবার বাবার পালা:
অনিল আম্বানির এই বিপত্তি নতুন নয়। মাত্র কয়েকদিন আগেই তাঁর বড় ছেলে জয় আনমোল আম্বানিকেও রিলায়েন্স হোম ফিন্যান্স সংক্রান্ত একটি ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রায় ৬ ঘণ্টা জেরা করেছে সিবিআই। পরিবারের ওপর এই জোড়া তদন্তের চাপ আম্বানি শিবিরের জন্য বড়সড় ধাক্কা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বাজেয়াপ্ত হয়েছে ১৭ তলার প্রাসাদ:
শুধুমাত্র সিবিআই নয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর নজরও রয়েছে অনিলের ওপর। গত মাসেই মুম্বইয়ের পালি হিল এলাকায় অনিল আম্বানির ১৭ তলার বিলাসবহুল আবাসন ‘অ্যাবোর্ড’ (Abode) সাময়িকভাবে বাজেয়াপ্ত করেছে ইডি। প্রায় ৩,৭১৬ কোটি টাকা মূল্যের এই সম্পত্তিটি আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে (PMLA) অ্যাটাচ করা হয়েছে।

অনিল আম্বানির মুখপাত্র জানিয়েছেন, তিনি তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করছেন। তবে জালিয়াতির এই জাল কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে আপাতত ম্যারাথন জেরা চালিয়ে যাচ্ছেন গোয়েন্দারা।