হঠাৎ বাড়িতে অতিথি? ঘরে থাকা সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন জিভে জল আনা ‘ভাপা চিকেন’, রইল সহজ রেসিপি

বাঙালি মানেই ভাপা রান্নার প্রতি এক আলাদা টান। ভাপা বললেই আমাদের চোখে ভেসে ওঠে সর্ষে-ইলিশ কিংবা ভাপা চিংড়ির ছবি। কিন্তু মাছের একঘেয়েমি কাটাতে মাংস দিয়েও যে অসাধারণ স্বাদের ভাপা তৈরি করা যায়, তা হয়তো অনেকেরই অজানা। বিশেষ করে বাড়িতে হঠাৎ অতিথি চলে এলে বা ছুটির দুপুরে ঝটপট কিছু স্পেশাল বানাতে চাইলে ‘ভাপা চিকেন’ হতে পারে আপনার সেরা বাজি। খুব কম পরিশ্রমে এবং ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করা যায় এই পদ। দেখে নিন এর সহজ রন্ধনপ্রণালী।

প্রয়োজনীয় উপকরণ:

বোনলেস চিকেন: ৫০০ গ্রাম

এলাচ: ২ টি

পোস্ত: ২ চা চামচ

সর্ষে: ২ টেবিল চামচ

কাজু বাদাম: ৬ টি

কাঁচা লঙ্কা: ৩-৪ টি

শুকনো লঙ্কা গুঁড়ো: ১ টেবিল চামচ

হলুদ গুঁড়ো: ১ টেবিল চামচ

পেয়াঁজ কুচি: ৩টি (মাঝারি)

আদা ও রসুন বাটা: ১ চা চামচ করে

টক দই: ৩ টেবিল চামচ

সর্ষের তেল: ২ টেবিল চামচ

নুন: স্বাদ মতো

সহজ প্রস্তুত প্রণালী:
১. প্রথমে মিক্সিতে সর্ষে, পোস্ত, কাজু বাদাম এবং কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিন।
২. বোনলেস চিকেনের টুকরোগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার একটি বড় পাত্রে বাটা মশলা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, সর্ষের তেল এবং স্বাদ মতো নুন দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিন।
৩. কড়াইতে সামান্য তেল গরম করে তাতে এলাচ ফোঁড়ন দিন। এবার কুচানো পেয়াঁজ এবং আদা-রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে নিন।
৪. ভাজা হয়ে গেলে এই মিশ্রণটি ম্যারিনেট করা মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিন।
৫. এবার একটি টিফিন বক্সে মিশ্রণটি ভরে মুখ ভালো করে আটকে দিন। প্রেসার কুকারে সামান্য জল দিয়ে বক্সটি বসিয়ে দিন। মাঝারি আঁচে ২-৩টি সিটি দিলেই তৈরি আপনার গরম গরম ভাপা চিকেন।

গরম ভাত, ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সঙ্গে এই পদটি পরিবেশন করুন। দেখবেন সাধারণ চিকেনের চেয়ে এর স্বাদ অনেক বেশি আকর্ষণীয়।