ষাঁড়ের লড়াইয়ে মাতাল দালাল স্ট্রিট! টানা ৪ দিন চাঙ্গা বাজার, সেনসেক্স ছাড়াল ৭৬ হাজার

সপ্তাহের মাঝামাঝিতেও দাপট বজায় রাখল ভারতীয় শেয়ার বাজার। ইরানকে ঘিরে ভূ-রাজনৈতিক উত্তেজনা থাকলেও বুধবার টানা চতুর্থ দিনের মতো লাভের মুখ দেখল দালাল স্ট্রিট। এদিন সেনসেক্স ৬৩৩.২৯ পয়েন্ট বেড়ে ৭৬,৭০৪.১৩ পয়েন্টে এবং নিফটি ৫০ ২৩,৭৭৭.৮০ পয়েন্টে বন্ধ হয়েছে। মূলত আইটি (IT) এবং অটোমোবাইল খাতের শেয়ারের হাত ধরেই এই উত্থান।

কোন শেয়ারে লক্ষ্মীলাভ? এদিন সেনসেক্সে সবচেয়ে বেশি লাভ করেছে ইটার্নাল-এর শেয়ার (৩.৩৭%)। এছাড়া আইটি জায়ান্ট ইনফোসিস (২.৮৪%), টেক মাহিন্দ্রা (২.৮১%) এবং অটো সেক্টর থেকে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (২.৭৩%) ও এইচসিএল টেক (২.৬২%) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বড় বিক্রির পর পুনরায় কেনাকাটা শুরু হওয়ায় এবং মিড-ক্যাপ ও স্মল-ক্যাপ শেয়ারের চাহিদা বাড়ায় বাজার ঘুরে দাঁড়িয়েছে।

আগামীকাল কেমন থাকবে বাজার? বাজার বিশেষজ্ঞ বিনোদ নায়ারের মতে, আইটি এবং রিয়েলটি খাতের শক্তিশালী অবস্থান বাজারকে অক্সিজেন দিচ্ছে। তবে কিছু হেভিওয়েট শেয়ার যেমন এনটিপিসি, হিন্দুস্তান ইউনিলিভার এবং এইচডিএফসি ব্যাঙ্ক সামান্য পতনের মুখ দেখেছে। বৃহস্পতিবারের বাজারে লগ্নিকারীদের নজর থাকবে বিশ্ব বাজারের সংকেত এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর। যদি আইটি সেক্টরের এই তেজ বজায় থাকে, তবে নিফটি ২৪ হাজারের গণ্ডি ছোঁয়ার চেষ্টা করতে পারে।