কার্ড ছাড়াই টাকা তোলার দিন শেষ? ইউপিআই ট্রানজাকশনও এবার আসবে ফ্রি এটিএম লিমিটের আওতায়

আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে এটিএম (ATM) থেকে টাকা তোলার নিয়মে এক বড়সড় বদল আনতে চলেছে দেশের একাধিক নামী ব্যাঙ্ক। এইচডিএফসি (HDFC) এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর মতো বড় সংস্থাগুলি জানিয়ে দিয়েছে যে, এবার থেকে আপনি কার্ড ব্যবহার করুন বা ইউপিআই (UPI)— সবই আপনার মাসিক ‘ফ্রি লিমিট’-এর মধ্যে ধরা হবে। অর্থাৎ, এতদিন ইউপিআই দিয়ে কিউআর কোড স্ক্যান করে টাকা তোলাকে যেভাবে আলাদা সুবিধা হিসেবে দেখা হতো, তা আর থাকছে না।

২৩ টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ ব্যাঙ্কগুলির নিয়ম অনুযায়ী, মাসে নির্দিষ্ট সংখ্যক বার (সাধারণত ৫ বার) বিনামূল্যে এটিএম ব্যবহারের সুযোগ থাকে। ১ এপ্রিল থেকে এই সীমা পার হয়ে গেলেই প্রতিটি লেনদেনের জন্য আপনাকে ২৩ টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। মেট্রো শহরগুলিতে অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহারের ক্ষেত্রে এই ফ্রি লিমিট মাত্র ৩ বার।

ডিজিটাল ট্রানজাকশনেও কোপ ডেবিট কার্ড ছাড়াই টাকা তোলার সুবিধাকে জনপ্রিয় করতে ইউপিআই-এটিএম পরিষেবা চালু হয়েছিল। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, আপনি যদি ইউপিআই অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে টাকা তোলেন, তবে সেটিও আপনার ওই ৫টি ফ্রি ট্রানজাকশনের মধ্যেই গোনা হবে। এছাড়া পিএনবি তাদের কিছু নির্দিষ্ট ডেবিট কার্ডের দৈনিক টাকা তোলার সীমা বা লিমিট কমানোরও সিদ্ধান্ত নিয়েছে।

কী করবেন গ্রাহকরা? অপ্রয়োজনীয় খরচ এড়াতে ব্যাঙ্কগুলি গ্রাহকদের বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে নেট ব্যাঙ্কিং বা সরাসরি ইউপিআই পেমেন্ট ব্যবহারের পরামর্শ দিচ্ছে। বারংবার ছোট ছোট অঙ্কের টাকা এটিএম থেকে না তুলে একবারেই প্রয়োজনীয় টাকা তুলে নেওয়া এখন বুদ্ধিমানের কাজ হবে।