সম্পূর্ণ করমুক্ত বিনিয়োগ! সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে গড়ে তুলুন মেয়ের ভবিষ্যৎ

মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ভারতীয় অভিভাবকদের কাছে অন্যতম সেরা বিকল্প হলো কেন্দ্রীয় সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)। এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করলে মেয়ের ১৮ বছর বয়সে উচ্চশিক্ষা এবং ২১ বছর বয়সে বিয়ের জন্য আর কারোর কাছে হাত পাততে হবে না। চক্রবৃদ্ধি সুদের (Compound Interest) জাদুতে এখানে জমা করা সামান্য অর্থও মেয়াদের শেষে বিশাল অংকের তহবিলে পরিণত হয়।
১৫-২১ নিয়মের জাদু এই প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর বিনিয়োগের সময়সীমা। আপনাকে টাকা জমা করতে হবে মাত্র ১৫ বছর, কিন্তু প্রকল্পের মেয়াদ ২১ বছর। অর্থাৎ, শেষ ৬ বছর আপনাকে কোনো টাকা জমা দিতে হবে না, অথচ জমানো টাকার ওপর সুদ যোগ হতে থাকবে। বর্তমানে এই প্রকল্পে ৮.২% হারে সুদ পাওয়া যাচ্ছে।
কত টাকা জমলে কত পাবেন? সুকন্যা সমৃদ্ধি যোজনায় বছরে সর্বনিম্ন ২৫০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায়। যদি কোনো অভিভাবক প্রতি বছর ১.৫ লক্ষ টাকা করে ১৫ বছর জমা করেন (মোট বিনিয়োগ ২২.৫ লক্ষ টাকা), তবে ২১ বছর পূর্ণ হওয়ার পর তিনি বর্তমান সুদের হারে প্রায় ৭০ লক্ষ টাকারও বেশি হাতে পাবেন।
কর ছাড়ের সুবিধা এসএসওয়াই প্রকল্পটি ‘EEE’ (Exempt-Exempt-Exempt) ক্যাটাগরির অন্তর্ভুক্ত। অর্থাৎ, বিনিয়োগের সময় আয়কর ছাড় (৮০সি অনুযায়ী), জমানো টাকার ওপর অর্জিত সুদ এবং মেয়াদ শেষে প্রাপ্ত মোট অর্থ— তিনক্ষেত্রেই কোনো আয়কর দিতে হয় না। মেয়ের বয়স ১০ বছর হওয়ার আগেই নিকটবর্তী পোস্ট অফিস বা ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খোলা সম্ভব।