হরমুজ পেরিয়ে গুজরাটে ‘জগ লাডকী’! মাঝসমুদ্রে যুদ্ধ এড়িয়ে কত হাজার টন তেল এল ভারতে?

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ আর ড্রোন হামলার আতঙ্ক, ঠিক তখনই ভারতের জ্বালানি মানচিত্রে স্বস্তির খবর বয়ে আনল ‘জগ লাডকী’। বুধবার হরমুজ প্রণালীর বিপজ্জনক জলপথ পেরিয়ে গুজরাটের মুন্দ্রা বন্দরে নোঙর করল এই বিশালাকার ভারতীয় তেলবাহী জাহাজ। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক সূত্রে খবর, প্রায় ৮০,৮০০ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে নিরাপদে দেশে ফিরেছে জাহাজটি। এর আগে সোমবার ‘শিবালিক’ এবং মঙ্গলবার ‘নন্দাদেবী’র আগমনে কিছুটা স্বস্তি ফিরলেও, ‘জগ লাডকী’র প্রবেশ ভারতের তেল ভাণ্ডারকে আরও শক্তিশালী করল।
যুদ্ধক্ষেত্র পেরিয়ে ভারতের জয়যাত্রা সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরাহ বন্দর থেকে অপরিশোধিত তেল নিয়ে গত রবিবার রওনা দিয়েছিল ‘জগ লাডকী’। উল্লেখ্য, দিনকয়েক আগেই ফুজাইরাহ বন্দরে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। সেই অগ্নিগর্ভ পরিস্থিতির বুক চিরে মাত্র চার দিনের মাথায় বুধবার মুন্দ্রা বন্দরে পৌঁছে গেল জাহাজটি। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার যে আশঙ্কা বিশ্বজুড়ে তৈরি হয়েছিল, তা উপেক্ষা করেই ভারতীয় জাহাজগুলির এই সফল যাত্রা ভারতের কূটনৈতিক ও কৌশলগত জয় হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।
চীন নয়, ভারতই গন্তব্য! রাশিয়ার তেলের ‘ইউ-টার্ন’ ‘জগ লাডকী’র আগমনের মাঝেই আন্তর্জাতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে একটি রুশ তেলের জাহাজের গতিপথ বদল। ‘অ্যাকুয়া টাইটান’ নামের ওই জাহাজটি রাশিয়ার বাল্টিক সাগর থেকে তেল নিয়ে চীনের রিজাও বন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু দক্ষিণ চীন সাগরে পৌঁছেই হঠাৎ রহস্যজনকভাবে গতিপথ বদলে সেটি ভারতের নিউ ম্যাঙ্গালোর বন্দরের দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। শিপ-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, আগামী ২১ মার্চ কর্নাটকের বন্দরে পৌঁছতে পারে জাহাজটি। বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের আবহে রাশিয়ার এই ‘ইউ-টার্ন’ নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।
স্বস্তিতে আমজনতা, সতর্ক প্রশাসন একে একে তিনটি বড় জাহাজ বন্দরে আসায় দেশে এলপিজি ও অপরিশোধিত তেলের তাৎক্ষণিক ঘাটতি মেটানো সম্ভব হবে বলে মনে করছে মন্ত্রক। তবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল রুশ জাহাজের গতিপথ বদল নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেও ভারত যেভাবে নিজের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করছে, তা আগামী দিনে পেট্রোল-ডিজেলের বাজার স্থিতিশীল রাখতে বড় ভূমিকা নেবে।