পশ্চিমবঙ্গে চমৎকার করার সময় চলে গিয়েছে!’ কংগ্রেসকে পিছিয়ে রেখে মমতার জয়েরই কি ইঙ্গিত দিলেন সিঙ্ঘভি?

বুধবার এআইসিসি (AICC) দফতরে যখন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ম্যারাথন বৈঠক করছেন, ঠিক তখনই সংবাদমাধ্যমের সামনে বেফাঁস মন্তব্য করে বসলেন অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “কংগ্রেস পশ্চিমবঙ্গে জিতবে, এটা আমি মানি না। চমৎকার কিছু করার সময় পেরিয়ে গিয়েছে।” তবে জাতীয় স্তরে I.N.D.I.A জোটের শরিক দলের (তৃণমূল) জয় যে নিশ্চিত, সেই ইঙ্গিত দিতেও ভোলেননি তিনি।
সিঙ্ঘভির নিশানায় ছিল মূলত বিজেপি। তিনি বলেন, গতবার অমিত শাহ ২০০ পার করার দাবি করলেও শেষমেশ ‘পাহাড় খুঁড়ে ইঁদুর’ বেরিয়েছিল, এবার হয়তো ইঁদুরও বেরোবে না। তাঁর এই মন্তব্য ঘিরে প্রদেশ কংগ্রেসের অন্দরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। প্রদেশ কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী এই মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও সিঙ্ঘভির ‘ব্যক্তিগত মত’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি সাফ জানান, শুভঙ্কর সরকারের নেতৃত্বে তৃণমূল ও বিজেপি— উভয়ের বিরুদ্ধেই কড়া টক্কর দেবে কংগ্রেস।
অন্যদিকে, তৃণমূল এই সুযোগ হাতছাড়া করেনি। দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ আত্মবিশ্বাসের সঙ্গে জানান, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল একাই বিজেপিকে রুখতে সক্ষম, এটা সারা ভারত জানে।” রাজনৈতিক মহলের মতে, সিঙ্ঘভির এই মন্তব্য আদতে জোটের জট ও কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলকেই প্রকাশ্যে এনে ফেলল। বুধবার রাত বা বৃহস্পতিবারের মধ্যে কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের কথা থাকলেও, সিঙ্ঘভির এই মন্তব্য কর্মীদের মনোবল ভাঙতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।