মাঝসমুদ্রে হঠাৎ ইউ-টার্ন! চীন যাওয়ার বদলে ভারতের পথে ৭ রুশ তেলবাহী জাহাজ, নেপথ্যে কি ট্রাম্পের সংকেত?

“কোথা হইতে আসে নৌকা, কোথায় চলে যায়”— কবির এই পঙক্তিটিই যেন এখন বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের বর্তমান পরিস্থিতির সেরা বর্ণনা। শিপ-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ‘অ্যাকুয়া টাইটান’ সহ অন্তত সাতটি রুশ তেলবাহী জাহাজ তাদের গন্তব্য বদলে ভারতের দিকে রওনা দিয়েছে। গত জানুয়ারি মাসে রাশিয়ার বাল্টিক সাগর থেকে এই জাহাজগুলি চীনের রিজাও বন্দরের উদ্দেশ্যে রওনা দিলেও, দক্ষিণ চীন সাগরে পৌঁছে হঠাৎই তারা ভারতের কর্নাটকের নিউ ম্যাঙ্গালোর এবং গুজরাটের সিক্কা বন্দরের দিকে মুখ ঘুরিয়ে নেয়।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই আকস্মিক পরিবর্তনের নেপথ্যে রয়েছে ওয়াশিংটনের ‘সবুজ সংকেত’। ইরান ও ইজরায়েলের যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত। বিশেষ করে ইরান ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দেওয়ায় বিশ্ব তেলের বাজারের ২০ শতাংশ সরবরাহ থমকে গিয়েছে। এই সংকট মোকাবিলায় এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্প প্রশাসন ভারতকে রাশিয়ার থেকে তেল কেনার ক্ষেত্রে কিছুটা নমনীয়তা বা ‘ছাড়’ দিয়েছে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই ভারতীয় তেল শোধনাগারগুলি আসরে নেমেছে এবং গত এক সপ্তাহেই প্রায় তিন কোটি ব্যারেল রুশ তেল কেনার বরাত চূড়ান্ত হয়েছে। শুধু রাশিয়া নয়, কাজাখস্তান থেকে আসা ‘জুজু এন’ নামের একটি জাহাজও একইভাবে চীনের বদলে ভারতের দিকে আসছে। এই ডামাডোলের মাঝেও ভারতের জন্য স্বস্তির খবর হলো, ভারতীয় পতাকাবাহী ‘নন্দাদেবী’ ও ‘শিবালিক’ জাহাজ দুটি সফলভাবে হরমুজ প্রণালী পার করে গুজরাটে পৌঁছেছে। রাশিয়ার এই ‘ভারত-মুখী’ নীতি বিশ্ব অর্থনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে চলেছে।