ভোটের কলকাতায় পুলিশের নির্বাচনী সেলের দায়িত্বে দেবেন্দ্র প্রকাশ সিং

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিলোত্তমার নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে কোমর বেঁধে নামল লালবাজার। বুধবার কলকাতা পুলিশের নবনিযুক্ত কমিশনার অজয় কুমার নন্দের জারি করা নির্দেশিকা অনুযায়ী, শহরের ‘ইলেকশন সেল’-এর সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার (১) আইপিএস দেবেন্দ্র প্রকাশ সিংকে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সমন্বয় গড়ে তোলাই হবে এই সেলের মূল লক্ষ্য।

দেবেন্দ্র প্রকাশ সিংকে সহায়তা করার জন্য লালবাজার একটি শক্তিশালী টিম গঠন করেছে। এই টিমে রয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (৪) সন্তোষ পাণ্ডে, যুগ্ম পুলিশ কমিশনার অজয় প্রসাদ এবং সাইবার অপরাধ দমনে বিশেষজ্ঞ ডেপুটি কমিশনার অভিষেক মোদি। এছাড়াও লালবাজারের গোয়েন্দা বিভাগের বিশেষ শাখার ডেপুটি কমিশনার বিদিত রাজ ভুন্দেশ এবং অনির্বাণ সরকারকেও এই টিমে রাখা হয়েছে। এই হাই-প্রোফাইল টিমটি মূলত বেআইনি অর্থ লেনদেন, অস্ত্র পাচার এবং সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মতো বিষয়গুলির ওপর কড়া নজর রাখবে।

উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার পরেই রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদল শুরু হয়েছে। গত সোমবারই কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সুপ্রতিম সরকারকে সরিয়ে অজয় কুমার নন্দকে নিয়ে আসা হয়। এরপর জেলাশাসক এবং পুলিশ সুপার স্তরেও একাধিক বদলি করেছে কমিশন। এবার খোদ কলকাতায় ভোট পরিচালনার জন্য এই বিশেষ ‘ইলেকশন সেল’ গঠন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।