ডাবগ্রাম-ফুলবাড়িতে ‘মহাভারত’! বিজেপির ‘মা’ শিখার বিরুদ্ধে তৃণমূলের ‘ছেলে’ রঞ্জন; ভোটযুদ্ধে চরম অস্বস্তি

রঞ্জন শীল শর্মার জীবনকাহিনি কোনো সিনেমার চেয়ে কম নয়। খুব ছোটবেলায় বাবাকে হারানোর পর মা তাঁকে নিয়ে গিয়েছিলেন শিখা চট্টোপাধ্যায়ের কাছে। শিখাদেবীই কার্যত রঞ্জনকে নিজের সন্তানের মতো বড় করে তোলেন। রঞ্জনের নিজের মা মারা যাওয়ার পর শিখাই ছিলেন তাঁর সবটুকু। এমনকি রঞ্জনের রাজনীতিতে হাতেখড়িও হয়েছিল এই শিখা চট্টোপাধ্যায়ের হাত ধরেই। শিখাদেবী একসময় তৃণমূল করলেও পরে বিজেপিতে যোগ দেন, কিন্তু রঞ্জন থেকে যান ঘাসফুল শিবিরেই। বর্তমানে তিনি শিলিগুড়ি পুরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

ভোটের ময়দানে সৌজন্য বনাম লড়াই
২০২১-এর নির্বাচনে এই কেন্দ্রে হেভিওয়েট গৌতম দেবকে ২৭ হাজার ভোটে হারিয়েছিলেন শিখা চট্টোপাধ্যায়। সেবার রঞ্জন তাঁর ‘মা’ শিখার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো প্রচার করেননি। কিন্তু এবার দল সরাসরি রঞ্জনকেই প্রার্থী করেছে। টিকিট পাওয়ার পরই রঞ্জন জানিয়েছেন, “বৃহস্পতিবার মা শিখা চট্টোপাধ্যায়ের বাড়িতে যাব। মায়ের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়েই প্রচার শুরু করব।” রঞ্জনের এই সৌজন্যের রাজনীতি সাড়া ফেলেছে এলাকায়। তবে বিজেপির বিদায়ী বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এখনও এই ‘মাতৃস্নেহ বনাম দলীয় আদর্শের’ লড়াই নিয়ে মুখ খোলেননি। ছেলে আশীর্বাদ চাইলে মা কি ফেরাতে পারবেন? নাকি রাজনীতির ময়দানে ব্যক্তিগত আবেগকে দূরে সরিয়ে রাখবেন দুজনেই? এখন এটাই কোটি টাকার প্রশ্ন।