১৭ দিনে রামরাজ্য দর্শন! রেলের বিশেষ প্যাকেজে অযোধ্যা থেকে রামেশ্বরম; জানুন খরচ ও রুটম্যাপ

ভারতের আধ্যাত্মিক টানে প্রতি বছর বারানসী, হৃষীকেশ বা তিরুপতির মতো তীর্থস্থানে ভিড় জমান লক্ষ লক্ষ দেশি-বিদেশি পর্যটক। পর্যটকদের এই আবেগকে সম্মান জানিয়ে এবং ধর্মীয় পর্যটনকে আরও চাঙ্গা করতে ভারতীয় রেল (Indian Railways) নিয়ে এল এক দুর্দান্ত সুযোগ। আগামী ৩০ মার্চ থেকে শুরু হতে চলেছে বিশেষ ‘রামায়ণ যাত্রা’ ট্রেন। ১৬ রাত ও ১৭ দিনের এই দীর্ঘ সফরে ভগবান রামচন্দ্রের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত ঐতিহাসিক ও পবিত্র স্থানগুলি ঘুরে দেখার সুযোগ পাবেন পুণ্যার্থীরা।
বিলাসবহুল সফর ও আধুনিক সুবিধা
আইআরসিটিসি (IRCTC)-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের জন্য ব্যবহার করা হচ্ছে ‘ভারত গৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেন’। যাত্রীদের আরাম ও নিরাপত্তার কথা মাথায় রেখে এই ট্রেনটি সাজানো হয়েছে। এতে ফার্স্ট এসি, সেকেন্ড এসি এবং থার্ড এসি—এই তিন ধরনের কেবিনের সুবিধা থাকছে। দিল্লি সফদরজং স্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি প্রথমে যাবে অযোধ্যা। এরপর পর্যায়ক্রমে নন্দীগ্রাম, সীতামঢ়ী, জনকপুর, বক্সার হয়ে বারাণসী এবং দক্ষিণ ভারতের রামেশ্বরম পর্যন্ত বিস্তৃত হবে এই যাত্রা।
যাত্রাপথে কোন কোন তীর্থস্থান দেখার সুযোগ?
এই ১৭ দিনের সফরে পর্যটকরা রামায়ণের ইতিহাসের সাক্ষী হতে পারবেন। গুরুত্বপূর্ণ গন্তব্যগুলির মধ্যে থাকছে:
বারাণসী: কাশী বিশ্বনাথ মন্দির, তুলসী মানস মন্দির এবং গঙ্গার মনোরম আরতি।
প্রয়াগরাজ ও চিত্রকূট: ত্রিবেণী সঙ্গম, হনুমান মন্দির, গুপ্ত গোদাবরী এবং রাম ঘাট।
নাসিক ও হাম্পি: ত্র্যম্বকেশ্বর মন্দির, পঞ্চবটী, বিরূপাক্ষ মন্দির এবং অঞ্জনাদ্রি পাহাড়।
রামেশ্বরম: রামনাথস্বামী মন্দির এবং ধনুষকোডী।
এছাড়াও বক্সারের রামরেখা ঘাট এবং সীতামঢ়ীর সীতা সমাধি স্থলের মতো পবিত্র স্থানেও ট্রেনটি থামবে।
খরচের খতিয়ান ও বুকিং
এই বিশেষ আধ্যাত্মিক যাত্রার জন্য ট্রেনের বার্থ অনুযায়ী ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। থার্ড এসির জন্য মাথাপিছু খরচ ১,১৪,১০০ টাকা। সেকেন্ড এসির জন্য খরচ পড়বে ১,৫১,২২৫ টাকা এবং বিলাসবহুল ফার্স্ট এসির জন্য দিতে হবে ১,৬৪,৯৪০ টাকা। তবে ট্রিপল অকুপেন্সিতে বুকিং করলে সর্বনিম্ন খরচ ১,১১,৬৩০ টাকা থেকে শুরু হতে পারে। মোট ১৫০ জন যাত্রী এই দুর্লভ যাত্রায় সামিল হওয়ার সুযোগ পাবেন। ইতিমধ্যেই টিকিটের বুকিং শুরু হয়ে গিয়েছে, তাই দেরি না করে পুণ্যলাভের এই সুযোগ লুফে নিতে পারেন আপনিও।