কমিশনের কড়া দাওয়াই! এবার ৫ রেঞ্জের ডিআইজি বদল, বৃহস্পতিবারের মধ্যেই কাজে যোগ দেওয়ার চরম নির্দেশ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলের ঝড় বইছে। এবার সরাসরি ৫টি রেঞ্জের ডিআইজি (DIG) পদে বদল আনল ভারতের নির্বাচন কমিশন (ECI)। সূত্রের খবর অনুযায়ী, প্রেসিডেন্সি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, মুর্শিদাবাদ এবং বর্ধমান রেঞ্জের ডিআইজি-দের বদলি করে নতুন আধিকারিকদের নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর লক্ষ্যেই কমিশনের এই বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
নতুন দায়িত্বে যারা এলেন:
রায়গঞ্জ রেঞ্জ: রাঠৌর অমিতকুমার ভারত।
মুর্শিদাবাদ রেঞ্জ: অজিত সিং যাদব।
বর্ধমান রেঞ্জ: শ্রীহরি পাণ্ডে।
প্রেসিডেন্সি রেঞ্জ: কঙ্কর প্রসাদ বারুই।
জলপাইগুড়ি রেঞ্জ: অঞ্জলি সিং।
কমিশন কড়া নির্দেশ জারি করেছে যে, আগামী ১৯শে মার্চ, বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে এই পাঁচ আধিকারিককে তাঁদের নতুন পদের দায়িত্ব গ্রহণ করতে হবে এবং সেই সংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে।
উল্লেখ্য, ১৫ই মার্চ রাজ্যে দুই দফায় (২৩শে এপ্রিল ও ২৯শে এপ্রিল) ভোটের দিন ঘোষণার পর থেকেই পুলিশ ও প্রশাসনের শীর্ষ স্তরে ব্যাপক রদবদল শুরু হয়েছে। গত কয়েকদিনে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং বিভিন্ন জেলার পুলিশ সুপারদের (SP) সরিয়ে নতুন মুখ নিয়ে এসেছে কমিশন। নির্বাচনের ঠিক আগে এই বিশাল রদবদল রাজ্যের রাজনৈতিক মহলে যেমন উত্তাপ বাড়িয়েছে, তেমনই কমিশনের এই ‘জিরো টলারেন্স’ নীতি প্রশাসনের অন্দরেও প্রবল তৎপরতা তৈরি করেছে।