বসন্তেই কালবৈশাখীর তাণ্ডব! শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা, ভিজবে কলকাতাও

বসন্তের মাঝপথে মনোরম আবহাওয়ার বদলে রাজ্যে এখন দুর্যোগের মেঘ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে সপ্তাহান্তে অর্থাৎ শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর দাপট দেখা দিতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই দুই দিন বৃষ্টির তীব্রতা সবথেকে বেশি থাকবে এবং ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে।

কলকাতার আকাশও বুধবার দিনভর আংশিক মেঘলা থাকবে। সন্ধ্যার দিকে শহরের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। তবে বৃষ্টি হলেও স্বস্তি মেলার সম্ভাবনা কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশে পৌঁছে যাওয়ায় ঘাম ঝরানো অস্বস্তিকর গরম বজায় থাকবে। শুক্র ও শনিবার কলকাতার জন্য হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে আবহাওয়া দপ্তর।

১৭ মার্চ, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি কম। কিন্তু উচ্চ আর্দ্রতা এবং মেঘলা আকাশের কারণে গুমোট ভাব কাটছে না। আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির সঙ্গে ঘনঘন বজ্রপাতের আশঙ্কা রয়েছে, তাই ঝড়ের সময় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বিকেলের পর থেকে আবহাওয়া দ্রুত বদলাতে পারে।