“হ্যাঁ, আমি বেঁচে আছি!” মৃত্যু গুজব উড়িয়ে সশরীরে সামনে এলেন নেতানিয়াহু, পাশে ট্রাম্পের দূত

পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনার আবহে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একের পর এক চাঞ্চল্যকর দাবি। ইরান-ইজরায়েল সংঘাতের মাঝে জল্পনা তৈরি হয়েছিল যে, ইজরায়েলের এই দাপুটে রাষ্ট্রপ্রধান কি তবে নিহত হয়েছেন? সমস্ত জল্পনা ও ষড়যন্ত্র তত্ত্বকে বুড়ো আঙুল দেখিয়ে এবার খোদ নেতানিয়াহু সশরীরে ধরা দিলেন ক্যামেরার সামনে। ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সঙ্গে নিজের অফিস থেকে একটি ভিডিও শেয়ার করে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন— “হ্যাঁ, আমি বেঁচে আছি।”

এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, মার্কিন রাষ্ট্রদূত হাকাবি রসিকতা করে নেতানিয়াহুকে বলছেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে আপনার খোঁজ নিতে পাঠিয়েছেন।” হাসিমুখে নেতানিয়াহুর উত্তর, “হ্যাঁ মাইক, আমি বহাল তবিয়তে বেঁচে আছি।” শুধু তাই নয়, অনলাইন দুনিয়ায় তাঁকে নিয়ে চলা ‘বডি ডাবল’ বা নকল মানুষের তত্ত্বকে উপহাস করে তিনি বলেন, “আমরা একে অপরের সঙ্গে পাঁচ আঙুল দিয়েই করমর্দন করি।” এই মন্তব্যের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে, তাঁকে নিয়ে চলা গুজবগুলি কতটা হাস্যকর।

রসিকতা পর্ব শেষ হতেই নিজের আসল মেজাজে ফেরেন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, “আজ আমি আমার ‘পাঞ্চ কার্ড’ থেকে আরও দু’টি নাম মুছে দিয়েছি।” মূলত ইরানের প্রভাবশালী নিরাপত্তা আধিকারিক আলি লারিজানি এবং বাসিজ কমান্ডার গোলামরেজা সোলেইমানিকে খতম করার দিকেই ইঙ্গিত করেছেন তিনি। ইতিপূর্বেই ইরানি সংবাদমাধ্যম এই হাই-প্রোফাইল মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ দূতের পাশে দাঁড়িয়ে নেতানিয়াহুর এই ভিডিও বার্তা ইরান ও হিজবুল্লাহর মতো শত্রু শিবিরের কাছে এক কড়া হুঁশিয়ারি বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।