আছড়ে পড়ল বছরের প্রথম কালবৈশাখী! ৭২ কিমি বেগে ঝোড়ো হাওয়ায় তছনছ কলকাতা, কতদিন চলবে এই তান্ডব?

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বছরের প্রথম কালবৈশাখীর দেখা পেল কলকাতা। সোমবার রাত সোয়া ৯টা নাগাদ ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়া ঝোড়ো হাওয়া আর শিলাবৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় তিলোত্তমা। কয়েক মিনিটের এই তাণ্ডবে শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও, স্বস্তির খবর হলো তাপমাত্রার পতন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কালবৈশাখীর জেরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এখনই নিস্তার নেই। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে শ্রীলঙ্কা উপকূল হয়ে কোমোরিন অঞ্চল পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার ফলে আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। মঙ্গলবার দুই ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। ১৯ থেকে ২১ মার্চের মধ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে শনিবার অর্থাৎ ২১ মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি ছুঁতে পারে।

উত্তরবঙ্গেও আবহাওয়া অস্থির থাকবে। দার্জিলিং, কালিম্পং থেকে কোচবিহার—প্রায় সব জেলাতেই আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ হওয়ায় অস্বস্তি থাকলেও বিকেলের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে। আজ অর্থাৎ মঙ্গলবারও বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়।