সিপিএম-কে কড়া আক্রমণ, একলা চলো নীতিতে ২৩০ আসনে প্রার্থী দিচ্ছে এসইউসিআই

আসন্ন ২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে বাম ঐক্যের পথে না হেঁটে একলা চলো নীতি নিল এসইউসিআই (সি)। সোমবার লেনিন সরণিতে দলের রাজ্য অফিস থেকে ২৩০টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য্য। জয়ের চেয়েও জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই এবং গণআন্দোলনকে শক্তিশালী করাই যে তাঁদের মূল লক্ষ্য, তা এদিন স্পষ্ট করে দিয়েছে দল।
সিপিএম-কে তীব্র কটাক্ষ: প্রার্থী তালিকা ঘোষণার মঞ্চ থেকেই সিপিআই(এম)-সহ অন্যান্য বাম দলগুলির ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন চণ্ডীদাস ভট্টাচার্য্য। তিনি বলেন, “কয়েকটি আসনের লোভে যে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে বামপন্থার মর্যাদা তৈরি হয়েছিল, আজ তাদের সঙ্গেই জোট করছে বামেরা। এমনকি সাম্প্রদায়িক শক্তির সঙ্গেও আপস করা হচ্ছে।” তিনি মনে করেন, এতে বাম মনোভাবাপন্ন সাধারণ মানুষ চরম মর্মাহত।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ: এবারের নির্বাচনে ৬০ লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে এসইউসিআই। তাঁদের অভিযোগ, অনুপ্রবেশের ধুয়ো তুলে সংখ্যালঘু, আদিবাসী ও গরিব মানুষদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ভয় দেখানো হচ্ছে। এছাড়া বিএলও-দের মৃত্যু এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র বিরোধিতা করেছে দল। আরজি কর কাণ্ড থেকে শুরু করে আশা কর্মীদের আন্দোলন— সব জনমুখী ইস্যুকে হাতিয়ার করেই ভোটের ময়দানে নিজেদের শক্তি ঝালিয়ে নিতে চায় এসইউসিআই।