শুভেন্দুকে দেখেই কি সিট বদলাবেন মমতা? প্রার্থী হয়েই বিষ্ফোরক দাবি বিরোধী দলনেতার, তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা

একুশের বিধানসভা নির্বাচনের সেই হাইভোল্টেজ নন্দীগ্রামের লড়াই কি এবার ফিরছে খাস কলকাতায়? প্রার্থী তালিকা প্রকাশ হতেই বঙ্গ রাজনীতিতে আছড়ে পড়ল মহাবিস্ফোরণ। নন্দীগ্রামের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুর থেকেও এবার বিজেপির প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আর প্রার্থী হওয়ার পরেই মমতাকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শুভেন্দু দাবি করলেন, তাঁকে দেখেই নাকি এবার আসন বদলাতে পারেন মুখ্যমন্ত্রী!
শুভেন্দুর বিস্ফোরক দাবি: সোমবার প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর শুভেন্দু অধিকারী বলেন, ‘‘লিখে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে সরে এবার অন্য জায়গায় প্রার্থী হবেন। তিনি শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছেন। দেখবেন তিনি সিট চেঞ্জ করবেন। আগামীকাল কী হয় শুধু দেখুন!’’ বিরোধী দলনেতার এই মন্তব্যে কার্যত শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। শুভেন্দুর স্পষ্ট ইঙ্গিত, মমতা বন্দ্যোপাধ্যায় আর নিজের পুরনো কেন্দ্রে লড়ার সাহস দেখাতে পারবেন না।
তৃণমূলের পাল্টা চাল কী? যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিলেন, ‘‘ভবানীপুরে এক ভোটে হলেও জিতব।’’ কিন্তু মঙ্গলবার কালীঘাট থেকে তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশের কথা রয়েছে। সেখানে ভবানীপুর কেন্দ্রে মমতার নাম থাকে নাকি অন্য কাউকে দাঁড় করানো হয়, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ২০২১-এ নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হারের পর এবার ভবানীপুরেও কি মুখোমুখি লড়াই হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর? নাকি শুভেন্দুর ভবিষ্যদ্বাণী সত্যি করে পিছু হটবেন মমতা? মঙ্গলবারের বিকেলের দিকেই তাকিয়ে গোটা দেশ।