টলিপাড়ায় হঠাৎই থমকে গেল স্বাস্থ্যসাথী! লাইভে এসে বিস্ফোরক দেব, কার দিকে ছুঁড়লেন ‘স্ক্রিনশট’ বোমা?

টলিপাড়ায় স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন ঘিরে নাটকীয় মোড়! শনিবার ঘটা করে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে নাম নথিভুক্তিকরণ শুরু হলেও সোমবার হঠাৎই স্থগিত হয়ে গেল সেই প্রক্রিয়া। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ায় আদর্শ আচরণবিধির কারণে আপাতত এই শিবির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খবর ছড়াতেই স্টুডিয়ো পাড়ায় অনিশ্চয়তার মেঘ দেখা দেয়। ঠিক সেই মুহূর্তেই ফেসবুক লাইভে এসে বিরোধীদের কড়া বার্তা দিলেন অভিনেতা-সাংসদ দেব।

দেবের বিস্ফোরক লাইভ: লাইভে এসে দেব সাফ জানান, “এই উদ্যোগটা নিয়ে শুরু থেকেই নানা সমালোচনা ও টেকনিশিয়ানদের চমকানোর চেষ্টা হয়েছে। কার কার থেকে হুমকি এসেছে, তার সব স্ক্রিনশট আমার কাছে আছে।” দেবের ইঙ্গিত স্পষ্টতই টলিপাড়ার প্রভাবশালী শিবিরের দিকে। তিনি আশ্বস্ত করেছেন যে, ভোটের পর নতুন সরকার গঠিত হলেই ফের এই প্রক্রিয়া গোড়া থেকে শুরু হবে। যাঁরা ফর্ম জমা দিয়েছেন, তাঁদের সেই কপির ছবি তুলে রাখার পরামর্শও দিয়েছেন তিনি।

দেব বনাম স্বরূপ সংঘাত: গত কয়েকদিন ধরেই ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেবের সংঘাত চরমে পৌঁছেছে। দেবের অভিযোগ ছিল, স্বরূপ বিশ্বাস স্বাস্থ্যসাথী কার্ডের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন। পালটা স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, তিনি কখনোই এই প্রকল্পের বিরোধিতা করেননি বরং দেবকে কেউ ভুল বুঝিয়েছেন। স্বরূপের দাবি, তিনি নিজে দুয়ারে সরকার কর্মসূচিতে থেকে মানুষের কার্ড করে দিয়েছেন। তবে দেবের আজকের ‘স্ক্রিনশট’ ও ‘চমকানো’র তত্ত্ব টলিউডের অন্দরের ফাটলকেই আরও স্পষ্ট করে দিল। নির্বাচনের আগে এই হাইভোল্টেজ কোন্দল এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর সবার।