হরমুজ প্রণালীর বাধা জয়! পারস্য উপসাগর থেকে গন্তব্যে পৌঁছল ‘শিবালিক’, এবার কি মিটবে রান্নার গ্যাসের হাহাকার?

ইরান-ইসরায়েল যুদ্ধের আবহে হরমুজ প্রণালীতে সৃষ্ট জাহাজ জট কাটিয়ে অবশেষে ভারতের জন্য এল স্বস্তির খবর। সোমবার বিকেল ৫টা নাগাদ ৪৫,০০০ মেট্রিক টন রান্নার গ্যাস (LPG) নিয়ে গুজরাটের মুন্দ্রা বন্দরে পৌঁছেছে ভারতীয় জাহাজ ‘শিবালিক’। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে যে, দেশে রান্নার গ্যাসের কোনো বাস্তব ঘাটতি নেই। আমদানিকৃত এই বিপুল পরিমাণ জ্বালানি বন্দরে পৌঁছনোর পরেই দ্রুততার সঙ্গে তা দেশজুড়ে ডিস্ট্রিবিউটরদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, ‘শিবালিক’-এর পাশাপাশি আরও একটি জাহাজ ‘নন্দা দেবী’ আগামীকালের মধ্যেই ভারতের উপকূলে ভিড়বে। এই দুটি জাহাজ মিলিয়ে প্রায় ৯২,৭০০ মেট্রিক টন গ্যাস দেশে আসছে। হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলে ইরান সরকার সবুজ সঙ্কেত দেওয়ার পরেই এই জট কেটেছে। কেন্দ্র সাফ জানিয়েছে, গৃহস্থালীর প্রয়োজনে রান্নার গ্যাসের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রাখতে রিফাইনারিগুলোতে উৎপাদন প্রায় ২৮-৩০ শতাংশ বাড়ানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে গ্রাহকদের কাছে বিশেষ আবেদন জানানো হয়েছে যে, তাঁরা যেন আতঙ্কিত হয়ে অতিরিক্ত সিলিন্ডার বুকিং (Panic Booking) না করেন। অনলাইন বুকিং সিস্টেমের মাধ্যমে স্বাভাবিকভাবে বুকিং করলে ঠিক সময়ে গ্যাস পাওয়া সম্ভব হবে। বর্তমানে যে কৃত্রিম সংকটের কথা শোনা যাচ্ছে, তা মূলত অতিরিক্ত বুকিং এবং কালোবাজারির ফলে তৈরি হয়েছে। অবৈধ মজুতদারি রুখতে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে অভিযান শুরু করেছে প্রশাসন।