বেলডাঙা কাণ্ডে সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের! NIA-এর হাতেই থাকছে তদন্তের রাশ, কী জানাল শীর্ষ আদালত?

বেলডাঙা অশান্তি মামলায় আইনি লড়াইয়ে বড়সড় ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দিল, কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনো হস্তক্ষেপ করা হবে না। অর্থাৎ, বেলডাঙা ঘটনার সমস্ত কেস ডায়েরি এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (NIA)-র হাতেই তুলে দিতে হবে রাজ্য পুলিশকে। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশে কোনো অযৌক্তিকতা নেই।
গত ২৭ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে বেলডাঙা থানাকে মামলার সমস্ত নথি এনআইএ-র হাতে তুলে দিতে হবে। রাজ্য সরকার এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন তোলেন, “কেস ডায়েরি না পেলে এনআইএ কীভাবে নিরপেক্ষ তদন্ত রিপোর্ট জমা দেবে?” রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্রুত শুনানির আর্জি জানালেও তদন্তে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে শীর্ষ আদালত। ফলে কেন্দ্রীয় সংস্থার তদন্তের পথ এখন সম্পূর্ণ নিষ্কণ্টক।
উল্লেখ্য, বেলডাঙায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ব্যাপক হিংসার ঘটনায় শুরু থেকেই রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিল এনআইএ। এমনকি ধৃত ৩৬ জন অভিযুক্তকে আদালতে পেশ করার সময় প্রয়োজনীয় পুলিশি এসকর্ট না দেওয়ার মতো গুরুতর অভিযোগও সামনে আসে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই এই তদন্তভার এনআইএ-র হাতে যায়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, কোনো পরিকল্পিত ডিজিটাল উসকানির মাধ্যমেই এই অশান্তির আগুন জ্বালানো হয়েছিল, যার শিকড় অনেক গভীরে।