বামেদের তুরুপের তাস ‘তামান্নার মা’! কালীগঞ্জে তৃণমূলের চ্যালেঞ্জার সেই সাবিনা ইয়াসমিন!

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রার্থী তালিকায় বড়সড় চমক দিল বামফ্রন্ট। সোমবার আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রথম দফার ১৯২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবারের তালিকায় সবথেকে আলোচিত এবং আবেগঘন নাম হলো সাবিনা ইয়াসমিন, যিনি রাজ্য রাজনীতিতে ‘তামান্নার মা’ হিসেবে পরিচিত। নদিয়ার কালীগঞ্জ কেন্দ্র থেকে সিপিএমের টিকিটে লড়াই করবেন তিনি।

২০২৫ সালের জুনে কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর বিজয়োৎসব চলাকালীন বোমাবাজিতে মৃত্যু হয়েছিল ৯ বছরের নিষ্পাপ শিশু তামান্নার। অভিযোগ ছিল, বাম সমর্থকদের টার্গেট করে ছোড়া বোমার আঘাতেই প্রাণ হারায় ওই খুদে। তারপর থেকেই সুবিচারের দাবিতে বুক চিতিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মা সাবিনা। এমনকি মানসিক চাপ ও হুমকির মুখে অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। সেই যন্ত্রণাকেই এবার হাতিয়ার করে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে ভোটের ময়দানে নামছেন তিনি।

সাবিনা ইয়াসমিন ছাড়াও বামেদের তালিকায় তারুণ্য ও অভিজ্ঞতার ভারসাম্য চোখে পড়ার মতো। যাদবপুর থেকে লড়ছেন বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। উত্তরপাড়ার প্রার্থী ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এ ছাড়াও দমদম উত্তরে দীপ্সিতা ধর, পানিহাটিতে কলতান দাশগুপ্ত এবং মহেশতলায় সায়ন বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রেখেছে আলিমুদ্দিন। বরানগর থেকে লড়ছেন সায়নদীপ মিত্র। বিমান বসু জানিয়েছেন, বাকি আসনগুলির প্রার্থীর নাম আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে। তামান্নার মায়ের এই লড়াই কেবল ভোটের নয়, বরং ‘ইনসাফ’ বা ন্যায়ের লড়াই বলে মনে করছে রাজনৈতিক মহল।