শুভেন্দুর ডাবল ধামাকা! নন্দীগ্রামের পাশাপাশি মমতার কেন্দ্রেও চ্যালেঞ্জার ‘অধিকারী’, বিজেপির তালিকায় বড় চমক!

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণভেত্তে বাজিয়ে দিল বিজেপি। বামেদের পথ অনুসরণ করে সোমবার প্রথম দফার ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির। তবে এই তালিকায় সবথেকে বড় চমক অবশ্যই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পাশাপাশি খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরেও মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়তে প্রস্তুত তিনি। অর্থাৎ এবার জোড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ‘দাদা’।
অন্যদিকে, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চললেও, দল তাঁর ওপরই আস্থা রেখেছে। তাঁর পুরনো দুর্গ খড়গপুর সদর থেকেই প্রার্থী করা হয়েছে দিলীপবাবুকে। প্রথম দফার এই তালিকায় যেমন অভিজ্ঞ মুখ রয়েছে, তেমনই স্থান পেয়েছেন একঝাঁক বিধায়কও। আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল, শিলিগুড়িতে শংকর ঘোষ এবং বাঁকুড়ার শালতোড়ায় চন্দনা বাউড়ির ওপর পুনরায় ভরসা রেখেছে শীর্ষ নেতৃত্ব।
গ্ল্যামার ও রাজনীতির মেলবন্ধনে শিবপুরে প্রার্থী করা হয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষকে। বরানগরে লড়াই করবেন সজল ঘোষ এবং ভাটপাড়ায় অর্জুন সিংয়ের ছেলে পবন সিং। উত্তরবঙ্গের মাটি কামড়ে পড়ে থাকতে কোচবিহার উত্তরে সুকুমার রায়, শীতলকুচিতে সাবিত্রী বর্মণ এবং দিনহাটায় অজয় রায়ের নাম ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও রায়গঞ্জে কৌশিক চৌধুরী এবং বালুরঘাটে বিদ্যুৎ রায়ের মতো লড়াকু মুখদের সামনে এনেছে গেরুয়া ব্রিগেড।
শাসক দল তৃণমূল এখনও তাদের প্রার্থী তালিকা প্রকাশ না করলেও, বিজেপি যে এক কদম এগিয়ে রণকৌশল সাজিয়ে ফেলেছে, তা স্পষ্ট। মালদা থেকে মুর্শিদাবাদ, আর উত্তরবঙ্গ থেকে দক্ষিণ— সর্বত্রই লড়াইয়ের প্রস্তুতি তুঙ্গে। এখন দেখার, শুভেন্দু-দিলীপের এই দ্বৈরথ শেষ পর্যন্ত ব্যালট বক্সে কতটা ম্যাজিক করতে পারে।