চিকেন পকোড়া থেকে প্রেম? ‘জোয়ার ভাঁটা’র উজি-ঋষির অফস্ক্রিন রসায়নে এবার শিলমোহর দিচ্ছে নেটপাড়া

টলিপাড়ার বাতাসে এখন একটাই গুঞ্জন—প্রেম করছেন ‘জোয়ার ভাঁটা’র জনপ্রিয় জুটি আরাত্রিকা মাইতি ও অভিষেক বীর শর্মা। যদিও দুজনে নিজেদের ‘ভালো বন্ধু’ বলে দাবি করে আসছেন, কিন্তু সম্প্রতি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডের মঞ্চে যা ঘটল, তাতে জল্পনার আগুনে ঘি পড়েছে। অ্যাওয়ার্ড হাতে আরাত্রিকা যখন তাঁর বাবা-মায়ের সঙ্গে বেরিয়ে আসছিলেন, ঠিক তখনই ক্যামেরার পিছন থেকে উড়ে এল বিষ্ফোরক সব প্রশ্ন।

পাপারাজ্জিদের মস্করা ও অস্বস্তি: ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আরাত্রিকার মা সামনে আসতেই পাপারাজ্জিরা রীতিমতো ছেঁকে ধরেন। হাসিঠাট্টার ছলে প্রশ্ন ধেয়ে আসে— “কাকিমা, এরকম জামাই দরকার তো?” ইঙ্গিতটা যে পাশে দাঁড়িয়ে থাকা অভিষেক বীর শর্মার দিকেই ছিল, তা বুঝতে কারও বাকি ছিল না। এমন প্রশ্নে রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়েন আরাত্রিকা ও তাঁর মা। দুজনেই লাজুক হেসে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে সবচেয়ে বড় চমক দেন আরাত্রিকার বাবা; হাসিমুখে ক্যামেরার সামনে তিনি বলে ওঠেন, “এটা কনফিডেন্সিয়াল ব্যাপার!” অর্থাৎ রহস্য জিইয়ে রাখলেন খোদ অভিনেত্রীর বাবাও।

সম্পর্কের রসায়ন: আরাত্রিকা ও অভিষেকের সম্পর্কের গুঞ্জন নতুন নয়। জন্মদিনে আরাত্রিকাকে দামি ক্যামেরা উপহার দেওয়া থেকে শুরু করে মন্দারমণিতে একসঙ্গে ছুটি কাটানো—সবই ছিল চর্চায়। আরাত্রিকা অবশ্য জানিয়েছেন, ২০২০ সাল থেকে তাঁদের আলাপ। রানিকুঠিতে থাকার সময় চিকেন পকোড়া কিনতে গিয়ে প্রথম আলাপ হয়েছিল তাঁদের। সেই বন্ধুত্বই এখন অনস্ক্রিন ম্যাজিক তৈরি করছে। তবে এদিনের ঘটনায় অভিষেকের গাল লাল হয়ে ওঠা দেখে ভক্তরা নিশ্চিত, বন্ধুত্বটা এখন আর শুধু চিকেন পকোড়াতেই আটকে নেই!