জলসা অ্যাওয়ার্ডে জড়িয়ে ধরলেন শুভশ্রীর প্রাক্তন-বর্তমন দেব ও রাজ! দেখুন সেই ভিডিও

টলিউডের সমীকরণ আবহাওয়া অফিসের পূর্বাভাসের থেকেও দ্রুত বদলায়। একসময়ের ‘হট ফেভারিট’ জুটি দেব-শুভশ্রী কি তবে সব তিক্ততা মুছে ফের এক হতে চলেছেন? টলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে ‘দেশু’ জুটির সপ্তম ছবির গুঞ্জন। আর এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি এক পুরস্কার মঞ্চে দেব ও রাজের সেই উষ্ণ আলিঙ্গন।
অতীত বনাম বর্তমান: দেব ও শুভশ্রীর প্রেম একসময় টলিউডের টক অফ দ্য টাউন ছিল। সম্পর্ক ভাঙার পর শুভশ্রী ঘর বাঁধেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। তবে পেশাদার জগতের টক্কর থামেনি। ২০২৪-এর পুজোয় দেবের ‘খাদান’ আর রাজের ‘সন্তান’ ছবির লড়াইয়ের সময় রাজের একটি ব্যঙ্গাত্মক রিল ভিডিও নিয়ে কম জলঘোলা হয়নি। সেই ভিডিওতে শুভশ্রীর হাসি দেখে দেব যে মনে আঘাত পেয়েছিলেন, সে কথা অভিনেতা নিজেই কবুল করেছেন ‘ধূমকেতু’র প্রচারের সময়।
২০২৬-এর পুজোয় ফিরছে ‘দেশু’: দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘ধূমকেতু’ মুক্তি পাওয়ার পর থেকেই ভক্তরা চাইছিলেন এই জুটিকে আবারও নতুন কোনো গল্পে দেখতে। সেই অপেক্ষাই বোধহয় ফুরোতে চলেছে ২০২৬-এর পুজোয়। সূত্রের খবর, দেব ও শুভশ্রী তাঁদের সাত নম্বর ছবির কাজ শুরু করতে চলেছেন। মাঝে গুঞ্জন উঠেছিল রাজ নিজেই এই ছবি পরিচালনা করবেন, কিন্তু রাজ সেই সম্ভাবনা নাকচ করে দিয়ে ইঙ্গিত দিয়েছেন যে, কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ফিরতে পারে এই সুপারহিট জুটি।
View this post on Instagram
বক্স অফিসের লড়াই: সম্প্রতি ২০২৫-এর ডিসেম্বরে বড়দিনে দেবের ‘প্রজাপতি ২’ এবং শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে দর্শক। একদিকে রাজ ব্যস্ত তাঁর ‘আবার প্রলয়’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে, অন্যদিকে দেব ব্যস্ত তাঁর একের পর এক বিগ বাজেট প্রজেক্টে। এই সবের মাঝে ‘দেশু’ জুটির কামব্যাক টলিউডের বক্স অফিসে যে নতুন রেকর্ড গড়বে, তা বলাই বাহুল্য।