ভোটের আগেই রণক্ষেত্র রাজ্য রাজনীতি! মধ্যরাতে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব বদল, প্রতিবাদে রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূলের

১. প্রশাসনিক রদবদল ও তৃণমূলের ওয়াকআউট:
রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। রবিবার মধ্যরাতে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা-কে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৯৯৩ ব্যাচের আইএএস দুষ্মন্ত নারিয়ালা এবং স্বরাষ্ট্রসচিব হয়েছেন ১৯৯৭ ব্যাচের আইএএস সঙ্ঘমিত্রা ঘোষ। সোমবার বিকেল ৩টের মধ্যে কমিশনকে এই রদবদলের রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে সোমবার উত্তাল হয় রাজ্যসভা। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন প্রশাসনের এই রাতারাতি রদবদল নিয়ে প্রশ্ন তোলেন এবং প্রতিবাদ জানিয়ে সারা দিনের জন্য রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা।
২. সৌগত রায়ের প্রাতঃরাশ বিতর্ক:
রমজান চলাকালীন মুসলিম সাংসদদের প্রতি সহমর্মিতা জানিয়ে রাষ্ট্রপতির প্রাতঃরাশের আমন্ত্রণ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে আমন্ত্রণে যোগ দেন প্রবীণ সাংসদ সৌগত রায়। এই ঘটনায় দলের ভেতরেই ক্ষোভ তৈরি হয়েছে। তৃণমূলের সংসদীয় দলের ডেপুটি লিডার শতাব্দী রায় স্পষ্ট জানান, “সৌগতদা দলের কথা মানছেন না। দিদি বিষয়টি বুঝবেন।” অন্যদিকে, বিজেপি সাংসদ মনোজ টিগ্গা একে কটাক্ষ করে বলেছেন, “সিনিয়র মোস্ট সাংসদ হয়েও তিনি দলের ঊর্ধ্বে উঠে কাজ করছেন।”
৩. রাজপথে মুখ্যমন্ত্রী ও বাম-আইএসএফ জট:
রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি ও সরবরাহের সংকটের প্রতিবাদে আজ সোমবার দুপুরে কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে ডোরিনা ক্রসিং থেকে তিনি জনসভায় ভাষণ দেবেন।
অন্যদিকে, বাম ও আইএসএফ-এর মধ্যে আসন সমঝোতা এখনও বিশ বাঁও জলে। বারবার বৈঠক সত্ত্বেও জট কাটেনি। অনেক জায়গায় আইএসএফ প্রার্থীদের নাম নিয়ে বামেরা আপত্তি তুলেছে। এই টানাপড়েনের মধ্যেই বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বলে সূত্রের খবর।