টিকিট বুকিংয়ে বড় বিপ্লব! রেলের নতুন সিস্টেমে ৫ গুণ বাড়বে গতি, এপ্রিল থেকেই মিলবে সুবিধা

ট্রেনযাত্রীদের জন্য দারুণ সুখবর! রেলের টিকিট বুকিং প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল। খুব শীঘ্রই চালু হতে চলেছে একটি নতুন এবং অত্যাধুনিক রিজার্ভেশন সিস্টেম। দীর্ঘ দিন ধরে অনলাইনে টিকিট কাটতে গিয়ে সাইট হ্যাং হওয়া বা অফলাইনে সার্ভার ডাউনের যে সমস্যায় যাত্রীরা নাজেহাল হচ্ছিলেন, তার স্থায়ী সমাধান করতে চলেছে কেন্দ্র। রেল কর্তৃপক্ষের দাবি, এই নতুন সিস্টেম চালু হলে টিকিট বুকিংয়ের গতি ও ক্ষমতা এক লাফে বহুগুণ বৃদ্ধি পাবে।
রেল সূত্রে খবর, বর্তমান সিস্টেমে প্রতি মিনিটে প্রায় ২৫ হাজার টিকিট বুক করা যায়। কিন্তু নতুন ব্যবস্থায় এই ক্ষমতা প্রায় ৫ গুণ বাড়িয়ে ১ লক্ষ ২৫ হাজার করা হবে। এর ফলে বিশেষ করে ‘তৎকাল’ টিকিট বুক করার সময় যাত্রীরা বড়সড় স্বস্তি পাবেন। বর্তমানে ‘সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম’ (CRIS) এই নতুন ব্যবস্থার চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিল বা জুন মাসের মধ্যেই দেশজুড়ে এই নতুন বুকিং পরিষেবা চালু হয়ে যেতে পারে।