ইরান-ইজরায়েল যুদ্ধের কোপ এবার কলকাতার হাসপাতালে! চিকিৎসার খরচ আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা

ইরান ও আমেরিকা-ইজরায়েলের মধ্যে বাড়তে থাকা সংঘাতের উত্তাপ এবার পৌঁছাল ভারতের চিকিৎসা ক্ষেত্রে। পশ্চিম এশিয়ার এই অশান্তির প্রভাবে ইতিমধ্যেই দেশে এলপিজি ও ভোজ্য তেলের দাম বাড়তে শুরু করেছে। তবে সবথেকে উদ্বেগের বিষয় হলো, এই যুদ্ধ পরিস্থিতির কারণে কলকাতা তথা গোটা বিশ্বের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা বড়সড় সংকটের মুখে পড়তে চলেছে। কলকাতার অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র টেকনো ইন্ডিয়া দামা হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট ডা. এমএস পুরকাইত এই বিষয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন।
ডা. পুরকাইত জানিয়েছেন, পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক সংঘাতের ফলে সরাসরি ধাক্কা খাবে ‘মেডিক্যাল ট্যুরিজম’। কলকাতা হলো বিদেশি রোগীদের কাছে চিকিৎসার অন্যতম পছন্দের জায়গা। যুদ্ধের কারণে রোগীদের যাতায়াতে সমস্যা, চিকিৎসার আকাশছোঁয়া খরচ এবং ওষুধের কাঁচামালের ঘাটতি দেখা দেবে। বিশেষ করে সিরিঞ্জ, আইভি ব্যাগ এবং ক্যাথিটারের মতো জরুরি সামগ্রী, যা মূলত পেট্রোকেমিক্যাল-ভিত্তিক কাঁচামালের ওপর নির্ভরশীল, সেগুলোর সরবরাহ ব্যাহত হতে পারে। এতে হাসপাতালের পরিচালনা ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
পরিস্থিতি এতটাই জটিল যে, জ্বালানি সংকটের জেরে ইতিমধ্যেই অ্যাম্বুল্যান্সের খরচ প্রায় ১৮ শতাংশ বেড়ে গিয়েছে। আইসিইউ (ICU), অপারেশন থিয়েটার এবং ডায়াগনস্টিক ইউনিটগুলোকে নিরবচ্ছিন্নভাবে চালু রাখার জন্য হাসপাতালগুলো ব্যাকআপ জেনারেটর ও পরিবহণের ওপর নির্ভর করে, যার জন্য জ্বালানি অপরিহার্য। ডা. পুরকাইত পরামর্শ দিয়েছেন যে, এই ধরনের ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর উচিত এখনই বিকল্প সরবরাহ ব্যবস্থা তৈরি রাখা এবং ইনভেন্টরি প্ল্যানিং জোরদার করা। মধ্যপ্রাচ্যের এই আগুন দীর্ঘস্থায়ী হলে সাধারণ মানুষের নাগালে বাইরে চলে যেতে পারে স্বাস্থ্য পরিষেবা।