লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টে সম্মানিত ঋতুপর্ণা সেনগুপ্ত! বিদেশের মাটিতে জয়জয়কার টলিউড কুইনের

বিদেশের মাটিতে আবারও ভারতের মুখ উজ্জ্বল করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ইউনাইটেড কিংডমের সংসদের নিম্নকক্ষ অর্থাৎ ‘হাউজ অফ কমন্স’-এ এক রাজকীয় অনুষ্ঠানে সম্মানিত হলেন জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী। গ্লোওম্যান সিআইসি (Glowmen CIC)-র পক্ষ থেকে এবং ব্রিটিশ সাংসদ ড্যানি বেলসের বিশেষ আমন্ত্রণে সেখানে উপস্থিত ছিলেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টের জুবিলি রুমে আয়োজিত এই অনুষ্ঠানে ঋতুপর্ণাকে ‘গ্লোওম্যান ইনস্পিরেশনাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়।
ভারতীয় সিনেমায় গত ৩৭ বছর ধরে তাঁর অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে ‘টাইমলেস ডিভা’ (Timeless Diva) উপাধিতে ভূষিত করা হয়েছে। ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বীরেন্দ্র শর্মার হাত থেকে এই সম্মান গ্রহণ করে উচ্ছ্বসিত ঋতুপর্ণা। পুরস্কার গ্রহণের পর আবেগপ্রবণ হয়ে অভিনেত্রী বলেন, “নারী ক্ষমতায়নের এই আন্তর্জাতিক সম্মান পেয়ে আমি গর্বিত। ব্রিটিশ পার্লামেন্টের মতো জায়গায় শিল্পের জন্য স্বীকৃতি পাওয়া এক বিশেষ প্রাপ্তি।” এই সাফল্যের কৃতিত্ব তিনি তাঁর পরিবার, স্বামী সঞ্জয় চক্রবর্তী এবং অগণিত ভক্তকে উৎসর্গ করেছেন।
উল্লেখ্য, দীর্ঘ কেরিয়ারে অসংখ্য সুপারহিট ছবি উপহার দেওয়া এই অভিনেত্রীর নতুন ছবি ‘কর্পূর’ মুক্তি পেতে চলেছে আগামী ১৯ মার্চ। অরিন্দম শীল পরিচালিত এই ছবিটি নব্বইয়ের দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। ব্রিটিশ পার্লামেন্টে এই আন্তর্জাতিক সম্মান তাঁর আসন্ন ছবির সাফল্যের পথে এক বাড়তি অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছে বিনোদন মহল।