শিয়ালদহ দক্ষিণ শাখায় বড়সড় পরিকাঠামো বদল! বারুইপুর-ডায়মন্ড হারবার লাইনে মিটল জলযন্ত্রণার ভয়

শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীদের যাতায়াত আরও সুগম ও নিরাপদ করতে একগুচ্ছ পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণের কাজ সফলভাবে সম্পন্ন করল পূর্ব রেল। গত ১৪ ও ১৫ মার্চের মধ্যরাতে বারুইপুর-ডায়মন্ড হারবার সেকশনে এই বিশাল কর্মযজ্ঞ চালানো হয়। এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল আদিগঙ্গা অববাহিকা এলাকার নিকাশি ব্যবস্থার উন্নতি ঘটানো। পশ্চিমবঙ্গ সরকারের একটি ডিপোজিট ওয়ার্ক হিসেবে সেতু নং S/34-এর কাছে ১০টি প্রিকাস্ট আরসিসি (RCC) বক্স বসিয়ে একটি অতিরিক্ত জলপথ তৈরি করা হয়েছে। এর ফলে আসন্ন বর্ষায় সোনারপুর ও বারুইপুর পৌরসভা এবং সূর্যপুর সংলগ্ন এলাকায় জল জমার সমস্যা মিটবে এবং রেললাইনও সুরক্ষিত থাকবে।
পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্যেও বিশেষ জোর দেওয়া হয়েছে। মগরাহাট স্টেশনে ৩ মিটার চওড়া একটি নতুন ফুট ওভার ব্রিজ (FOB) চালু করা হয়েছে। অত্যন্ত নিখুঁতভাবে ২১.৭৫ মিটার এবং ১২.৬৪ মিটার লম্বা গার্ডার স্থাপনের মাধ্যমে এই ব্রিজটি তৈরি করা হয়েছে, যা যাত্রীদের লাইন পারাপারে বড়সড় স্বস্তি দেবে। এছাড়া রেললাইনের স্থায়িত্ব বাড়াতে ১৭৭২ মিটার রেলের ডি-স্ট্রেসিং এবং ডায়মন্ড হারবার প্ল্যাটফর্ম এলাকায় ৩৭৭ ট্র্যাক মিটার এলাকা জুড়ে ব্যালাস্ট ক্লিনিং মেশিনের সাহায্যে গভীর স্ক্রিনিং করা হয়েছে।
বিদ্যুৎ পরিষেবার আধুনিকীকরণেও খামতি রাখেনি রেল। এই পাওয়ার ব্লকের সময়েই বারুইপুর সেকশনে কয়েক হাজার মিটার জরাজীর্ণ ও মেয়াদোত্তীর্ণ কনট্যাক্ট ওয়্যার বদলে ফেলা হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেউসকর এবং ডিআরএম শিয়ালদহ শ্রী রাজীব সাক্সেনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই কাজগুলি সম্পন্ন হয়। মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, রেলওয়ে নেটওয়ার্ককে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতকে আরও আরামদায়ক করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।